‘শারদোৎসব নয়, লিখতে হবে দুর্গোৎসব!’ বামেদের স্টল বিতর্ক নিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী?

দুর্গাপুজোর মণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টল বসানো এবং নামকরণ ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা অব্যাহত। বিধানসভায় এই নিয়ে সুর চড়ানোর পর, এবার সরাসরি গণেশ পুজোর মঞ্চ থেকে বাম শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন বাম জমানার সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৪ বছরের লাল রাজত্বে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে কোণঠাসা করে রাখা হয়েছিল। আরতি, পুষ্পাঞ্জলি এবং প্রসাদের মতো সনাতনী আচার-অনুষ্ঠানগুলোকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিধানসভা থেকে বামেদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এখন থেকে পুজোর মরশুমে মণ্ডপের পাশে স্টল দিতে হলে ‘শারদোৎসব’ লেখা চলবে না, স্পষ্টভাবে ‘দুর্গাপুজো’ বা ‘দুর্গোৎসব’ শব্দই ব্যবহার করতে হবে কমিউনিস্টদের। পাশাপাশি, বামপন্থী শিক্ষকদের ভূমিকা নিয়েও বিধানসভায় সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। পুজোর আবহে রাজনৈতিক এই তরজা এখন রাজ্যজুড়ে নতুন চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।