‘আমাকে সবসময় অপমান করা হয়!’ নিজের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিধায়ক রেখা পাত্র!

দলের অন্দরেই প্রবল ক্ষোভ উগরে দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক তথা সন্দেশখালির পরিচিত প্রতিবাদের মুখ রেখা পাত্র। নিজের দলের একাংশের নেতৃত্ব ও জেলা কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তিনি দাবি করেছেন, কম পড়াশোনা জানা থাকার কারণে তাঁকে বারবার অপমানিত হতে হয় এবং দলের জেলা নেতৃত্ব তাঁকে ক্রমাগত ‘মিসগাইড’ করে চলেছে।
ঠিক কী বলেছেন রেখা পাত্র?
সন্দেশখালির ঘটনার পর থেকেই প্রতিবাদী মুখ হিসেবে রাজ্য রাজনীতিতে আলোচনায় উঠে এসেছিলেন রেখা পাত্র। পরবর্তীতে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হন তিনি। তবে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে তিনি দলের ভেতরের বঞ্চনা ও ক্ষোভের কথা প্রকাশ্যে এনেছেন।
রেখা পাত্র বলেন, “আমার দল, তাই আমি এতদিন কিছু বলিনি। জেলার নেতৃত্ব আমাকে সবসময় মিসগাইড করে।” তাঁর আরও অভিযোগ, দলীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরেও তাঁকে নানাভাবে অবহেলা ও অপমান করা হয়। আর এই কারণেই তিনি এখন জেলার কোনো অনুষ্ঠানে অংশ নেন না এবং কেবল নিজের বিধানসভা এলাকার কাজ নিয়েই ব্যস্ত থাকেন। রাজ্য তথা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবেন বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
কী জানাল জেলা নেতৃত্ব?
রেখা পাত্রের এই বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “একজন বিধায়ক এবং একজন জেলা কমিটির সদস্য হিসাবে তাঁর যতটুকু সম্মান প্রাপ্য, যা যা পাওয়ার প্রাপ্য, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওঁর হয়তো কোনো জায়গায় কোনো কিছু মনে হয়েছে। সেটা ওঁর ব্যাপার। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, একসঙ্গে লড়তে হবে। দলের বড়রা রয়েছেন, তারা বিষয়টা দেখবেন।”