এসআইপি (SIP) করেছেন অথচ এই মারাত্মক ভুলটি করছেন না তো? হাতছাড়া হতে পারে লক্ষ লক্ষ টাকার প্রফিট!

মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তোলার ট্রেন্ড এখন তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু অনেকেই এই বিনিয়োগের মাঠে নেমে এমন কিছু সাধারণ ভুল করে বসেন, যা তাঁদের অজান্তেই ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেয়। মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ তথা অভিনেতা-পরিবেশক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের মতে, সঠিক নিয়ম মেনে বিনিয়োগ না করলে বড় অঙ্কের রিটার্ন থেকে বঞ্চিত হতে হয়।
বিনিয়োগে ‘স্টেপ আপ’ কেন জরুরি? অধিকাংশ মানুষই যখন এসআইপি (SIP) শুরু করেন, তখন প্রতি মাসে একটি নির্দিষ্ট ও অপরিবর্তিত অঙ্কের টাকা জমাতে থাকেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপার্জনের অঙ্ক বাড়লেও অনেকেই সেই অনুপাতে বিনিয়োগের পরিমাণ বাড়ান না। বিশেষজ্ঞদের স্পষ্ট পরামর্শ, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রতি বছর অন্তত ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়ানো বা ‘স্টেপ আপ’ (Step Up) করা অত্যন্ত জরুরি।
ধরা যাক, কারও মাসিক আয় ৫০ হাজার টাকা এবং তিনি ৫ হাজার টাকা দিয়ে এসআইপি শুরু করলেন। পরবর্তীতে তাঁর বেতন বাড়লেও যদি তিনি বিনিয়োগের পরিমাণ না বাড়ান, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর উপার্জনের তুলনায় বিনিয়োগের অনুপাত কমতে থাকে। ফলস্বরূপ, লম্বা রেসে দাঁড়িয়ে অনেক বড় অঙ্কের রিটার্ন হাতছাড়া হয়ে যায়।
কতটা তফাত হতে পারে রিটার্নে? একটি সাধারণ হিসেবে দেখা গিয়েছে, ১২ শতাংশ গড় রিটার্ন ধরে যদি কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা করে টানা ২০ বছর সাধারণ এসআইপি চালান, তবে মেয়াদের শেষে তাঁর হাতে আসবে প্রায় ৪৬ লক্ষ টাকা। পক্ষান্তরে, ওই একই ফান্ডে প্রতি বছর ১০ শতাংশ করে ‘স্টেপ আপ’ বা বিনিয়োগ বাড়ালে মোট রিটার্নের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৯৩ লক্ষ টাকারও বেশি! অর্থাৎ, সামান্য সচেতনতা আর সঠিক কৌশল অবলম্বন করলেই রিটার্নের পরিমাণ প্রায় দ্বিগুণ পর্যন্ত হতে পারে। তাই আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এসআইপিতে ‘স্টেপ আপ’ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।