“৭৫ শতাংশ উপস্থিতির নিয়ম ঘিরে রণক্ষেত্র!”-ছাত্র বিক্ষোভের মুখে ইস্তফা ভাইস প্রিন্সিপালের

রাতভর ঘেরাও থাকার পর শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদ তারান্নুম। শুক্রবার দুপুরে তাঁর ইস্তফার খবর সামনে আসতেই কলেজ চত্বরে উল্লাসে ফেটে পড়েন পড়ুয়াদের একাংশ। চলে মিষ্টি বিতরণ এবং ধূপ জ্বালিয়ে প্রতীকী ‘শুদ্ধিকরণ’।
কলেজ সূত্রে খবর, এই পুরো উত্তেজনার সূত্রপাত উপস্থিতির হার নিয়ে একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। নিয়ম ছিল, সেমেস্টার পরীক্ষায় বসতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু বিজ্ঞপ্তির পরে দেখা যায়, প্রায় ৯০০ জন পড়ুয়ার মধ্যে প্রায় ৬০০ জনের পরীক্ষায় বসা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে একটি সেমেস্টারের ১৮০ জন পড়ুয়ার মধ্যে ১৪৪ জনের উপস্থিতি ৪০ শতাংশের কম থাকায় ক্ষোভ চরমে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিধায়ক তথা আইনজীবী কৌস্তুভ বাগচি। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ ও পড়ুয়াদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। ঠিক হয় যে, সেলফ ডিক্লারেশন বা মুচলেকা দিয়ে কম উপস্থিতির পড়ুয়ারাও পরীক্ষায় বসতে পারবেন। তবে এতেও বিক্ষোভ থামেনি।
পরীক্ষায় বসার দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ভাইস প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। রাতভর তাঁকে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ। এমনকী, ঘেরাও চলাকালীন তাঁর ঘরের বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে, যার জেরে রাতের একটা বড় অংশ অন্ধকারেই কাটাতে হয় তাঁকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার দুপুরে চাপের মুখেই পদত্যাগের সিদ্ধান্ত নেন ভাইস প্রিন্সিপাল।