কালো টাকা সাদা করার রমরমা খেলা! কলকাতার ৫৫টি বেআইনি বিল্ডিং নিয়ে সরাসরি সিবিআই হানার নির্দেশ হাইকোর্টের

রাজাবাজার, বেলেঘাটা, ক্যানাল স্ট্রিট ও মানিকতলাসহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা অন্তত ৫৫টি বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। কোনো ধরনের অনুমোদিত প্ল্যান বা সরকারি অনুমতি ছাড়াই গড়ে ওঠা এই বিরাট সৌধগুলির নেপথ্যে থাকা রহস্য ভেদ করতে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আগামী ১৪ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সংস্থাকে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

দায়ের হওয়া জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছে যে, একটি শক্তিশালী সিন্ডিকেট কালো টাকা সাদা করার উদ্দেশ্যে এই বেআইনি নির্মাণগুলিতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এমনকি এই পুরো প্রক্রিয়ায় কলকাতা পুরনিগম এবং স্থানীয় পুলিশের কিছু অসাধু আধিকারিকের প্রত্যক্ষ যোগসাজশ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আদালত। শুনানিকালে আদালত কড়া ভাষায় প্রশ্ন তোলে, এত বড় বেআইনি কারবার দিনের পর দিন চললেও কেন পৌরসভা নিজে থেকে কোনো ব্যবস্থা নেয়নি? কর্পোরেশনের আইনজীবীরা আরও সময় চাইলে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এটি কেবল সময় নষ্ট করার কৌশল, প্রয়োজনে কমিশনারকে তলব করা হবে।

প্রাথমিকভাবে ৪২টি অবৈধ বিল্ডিং চিহ্নিত করার পর সিবিআইকে প্রয়োজনে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের অনুমতিও দেওয়া হয়েছে। আদালতের এই মেগা নির্দেশের ফলে শহরজুড়ে প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি নির্মাণ ও কালো টাকার এই বিশাল সাম্রাজ্যের শিকড় কতদূর গভীরে ছড়িয়ে রয়েছে, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *