ব্যক্তিগত জমিতে রাজনৈতিক সভা ঘিরে টানাপোড়েন! মাহেশ মামলা ফের একক বেঞ্চে পাঠাল ডিভিশন বেঞ্চ

শ্রীরামপুরের মাহেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা নিয়ে তৈরি হওয়া আইনি জট আপাতত কাটল না। শুক্রবার এই মিটিং সংক্রান্ত মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর ফলে আপাতত মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ কিছু শর্তসাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলকে মাহেশের স্নান পিড়ি ময়দানে সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে সোজা ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য পুলিশ। শ্রীরামপুর থানার আইসি হলফনামা দিয়ে আদালতকে জানান যে, ওই ময়দানটি জগন্নাথ দেব ট্রাস্টের ব্যক্তিগত সম্পত্তি এবং ট্রাস্ট কর্তৃপক্ষ সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেবেন না। ফলে পুলিশের পক্ষে অনুমতি দেওয়া অসম্ভব।

এদিন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রায়ে স্পষ্ট জানিয়েছে, পুলিশ সরাসরি ডিভিশন বেঞ্চে না গিয়ে সিঙ্গল বেঞ্চেই ওই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানাতে পারত। সেই কারণেই মামলাটি একক বিচারপতির বেঞ্চেই ফেরত পাঠানো হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্য পুলিশ সিঙ্গল বেঞ্চে পুনর্বিবেচনার আবেদন জানাবে এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল কংগ্রেসকে তাদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো মামলাটির নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, প্রথমে মাহেশ থেকে জিটি রোড হয়ে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল তৃণমূল। কিন্তু জুম্মাবারের ভিড় ও ট্রাফিক স্মুথ রাখার যুক্তিতে পুলিশ তাতে সায় দেয়নি। এরপর আদালত মিছিলে অনুমতি না দিলেও স্নান পিড়ি ময়দানে সভার সবুজ সংকেত দিয়েছিল। তবে ট্রাস্টের আপত্তি ও আইনি লড়াইয়ের জেরে আপাতত স্থগিত হয়ে গেল মমতার এই জনসভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *