সার্ভার আপডেট থেকে বট দমন—কীভাবে রাতারাতি রেকর্ড গড়ল আইআরসিটিসি?

ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিংয়ের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আইআরসিটিসি। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ সেপ্টেম্বর একদিনে মোট ২০ লক্ষ ৬ হাজার ৩৫৩টি টিকিট বুক করা হয়েছে। গত বছর একদিনে সর্বোচ্চ প্রায় ১৮ লক্ষ ৪০ হাজার টিকিট বুক হওয়ার যে রেকর্ড ছিল, তা এবার পেছনে ফেলে দিয়েছে। এর আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বরও প্রায় সাড়ে উনিশ লক্ষ টিকিট বুক করা হয়েছিল। উৎসবের মরসুমের আগে অগ্রিম বুকিংয়ের চাপ বাড়ায় এই বিপুল পরিমাণ টিকিট কাটা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

অনলাইনেই আস্থা রাখছেন যাত্রীরা

পরিসংখ্যান বলছে, বর্তমান সময়ে সংরক্ষিত টিকিটের ৮৯ শতাংশই কাটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আর অফলাইন বুকিং নেমে এসেছে মাত্র ১১ শতাংশে। এই পরিবর্তন প্রমাণ করছে যে যাত্রীরা এখন কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর চেয়ে ঘরে বসেই সহজে টিকিট কাটতে পছন্দ করছেন।

যে প্রযুক্তিগত পরিবর্তনে বদলে গেল চিত্র

টিকিট বুকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে রেল। পুরোনো সার্ভার বদলে নতুন সার্ভার বসানোর ফলে সিস্টেমের ধারণক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়া চলতি বছরের ১৫ জুলাই একটি নতুন বেটা ইন্টারফেস চালু করা হয়েছে, যেখানে স্লিপার থেকে শুরু করে বিভিন্ন এসি ক্লাসের সিট একই স্ক্রিনে দেখা যায়।

বট ট্রাফিক ঠেকাতে অ্যান্টি-বট ও সিডিএন প্রযুক্তি ব্যবহারের ফলে অবৈধ ট্রাফিক প্রায় ৫৫ থেকে ৬৫ শতাংশ কমেছে। পাশাপাশি, জালিয়াতি রুখতে ৩০ লক্ষেরও বেশি ভুয়া ইউজার আইডি নিষ্ক্রিয় করা হয়েছে এবং ১৬ হাজারের বেশি সন্দেহজনক ইমেল ডোমেইন ব্লক করা হয়েছে। অনুমোদিত এজেন্টদের বুকিংয়ের ক্ষেত্রেও কড়া নিয়ম চালু করায় সাধারণ যাত্রীরা এখন আরও সহজে এবং দ্রুত নিজেদের টিকিট কাটতে পারছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *