খাসির মাংসকে বলুন টা টা! কম ক্যালোরিতেই জমে উঠবে চিকেন কার্নিভাল, রইল সেরা রেসিপি

আট থেকে আশি—সবারই প্রথম পছন্দ সুস্বাদু চিকেন। একদিকে যেমন এর দাম সাধ্যের মধ্যে, তেমনই রান্না করাও অত্যন্ত সহজ। স্বাদের পাশাপাশি মুরগির মাংস স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। এতে রয়েছে সেলেনিয়াম, জিংক, আয়রন, কপার-সহ দশটি খনিজ উপাদান। এছাড়াও এতে রয়েছে ফোলেট, বিভিন্ন ধরনের ভিটামিন এবং ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ।

বিশেষজ্ঞদের মতে, মুরগির মাংসে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। তাই রেড মিটের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। গবেষণায় দেখা গেছে, চিকেন ক্রিয়েটিনের একটি চমৎকার উৎস, যা শারীরিক কর্মক্ষমতা ও শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা আনসারিন ও কার্নোসিনের মতো উপাদান হার্ট রেট ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমতে বাধা দেয়।

সহজেই কীভাবে এই সুস্বাদু ও পুষ্টিকর পদটি রান্না করবেন, দেখে নিন তার সহজ রেসিপি—

উপকরণ:

  • মুরগির মাংস: ১ কেজি

  • টক দই: আধ কাপ

  • পেঁয়াজ কুচি: ২টি মাঝারি সাইজের

  • আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ

  • গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

  • গোলমরিচ পাউডার: ১/২ চা চামচ

  • কাজুবাদাম ও আমন্ড পেস্ট: ২ টেবিল চামচ

  • কসৌরি মেথি: ১ চা চামচ

  • সাদা তেল: পরিমাণমতো

  • নুন: স্বাদ অনুযায়ী

প্রণালী:

১) প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে আদাবাটা, রসুনবাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং টক দই ভালোভাবে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

২) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এবার এতে ম্যারিনেট করা মাংস ঢেলে মাঝারি আঁচে কষাতে থাকুন।

৩) মিক্সিতে কাজুবাদাম ও আমন্ড একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে মাংসের মধ্যে মিশিয়ে দিন। অল্প জল দিয়ে মাংস ভালো করে কষিয়ে রান্না করতে থাকুন।

৪) মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইয়ের ঢাকনা আটকে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংস সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। সবশেষে হাতে ঘষে কসৌরি মেথি ছড়িয়ে দিন এবং আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি সুস্বাদু ও ঘরোয়া দই চিকেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *