কেন্দ্রের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় ফুঁসছে লাদাখ! ১৯ সেপ্টেম্বর থেকে ফের বড় আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের

কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর লাদাখে ফের নতুন করে বড়সড় আন্দোলনের ডাক দিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক। এক সপ্তাহের মধ্যে লাদাখের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক সুরক্ষার মতো দাবিদাওয়া নিয়ে ইতিবাচক পদক্ষেপ না নিলে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফের লাগাতার আন্দোলনে নামার হুংকার দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশের সমস্ত নাগরিককে এই আন্দোলনে পাশে থাকার জোরালো আর্জি জানিয়েছেন ওয়াংচুক।
আলোচনায় কেন এল এই অচলাবস্থা? জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে লাদাখে আন্দোলনের জেরে জাতীয় সুরক্ষা আইনে (NSA) গ্রেপ্তার হয়ে দীর্ঘ প্রায় ছ’মাস জেলবন্দি ছিলেন সোনম ওয়াংচুক। এরপর গত মার্চে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি লাদাখের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন ও অধিকারের দাবিতে সোচ্চার রয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাব-কমিটির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। লেহ অ্যাপেক্স বডির আশা ছিল, সরকার প্রস্তাবিত লাদাখ বিধানসভার ক্ষমতা ও অধিকার সংক্রান্ত একটি বিশদ খসড়া পেশ করবে। কিন্তু সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক কোনো ইতিবাচক পদক্ষেপ বা নতুন কিছু উঠে না আসায় তীব্র হতাশা প্রকাশ করেন ওয়াংচুক।
গত বছরের সংঘর্ষে নিহতদের স্মরণে সেপ্টেম্বর মাসটিকে ‘শহিদ মাস’ হিসেবে পালন করছে লেহ অ্যাপেক্স বডি। সেই উপলক্ষ্যে কারগিল থেকে লেহ পদযাত্রার পরিকল্পনা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রকের আশ্বাসে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। কিন্তু আলোচনা ভেস্তে যাওয়ায় এবার আর পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। সরকার এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না করলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।