অষ্টম বেতন কমিশন নিয়ে বড় শঙ্কা! ২০২৬-এর আগে অবসর নেওয়া কর্মীরা কি তবে বঞ্চিত হবেন?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। তবে এর মাঝেই সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে এমন এক বিষয়কে ঘিরে, যা লক্ষ লক্ষ প্রবীণ নাগরিকের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। প্রশ্ন উঠছে, ২০২৬ সালের ১ জানুয়ারির ঠিক আগে যারা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন এবং ফ্যামিলি পেনশন কীভাবে বাড়বে বা আদৌ বাড়বে কি না, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা সামনে আসেনি। এই ধোঁয়াশা কাটাতে এবং বিষয়টি দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠাল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রধান সংগঠন ‘রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (REWA)।
প্রধানমন্ত্রীর কাছে কী জোরালো দাবি জানাল REWA?
গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো ওই চিঠিতে সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে যে, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে যারা অবসর নিয়েছেন, সেই সমস্ত প্রবীণ কর্মীকেও যেন অবশ্যই অষ্টম বেতন কমিশনের আওতায় রাখা হয়। শুধু তাই নয়, তাঁদের পেনশন এবং ফ্যামিলি পেনশনও যেন নিয়মানুযায়ী নতুন করে সংশোধন করা হয়, সেই আর্জিও জানানো হয়েছে।
সংগঠনের যুক্তি অনুযায়ী, অষ্টম বেতন কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’-এ গ্র্যাচুইটি, এনপিএস (NPS), ইউপিএস (UPS) এবং সাধারণ পেনশন কাঠামো পর্যালোচনার কথা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। কিন্তু এর আগে যাঁরা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁদের ভাগ্যে কী রয়েছে, সেই বিষয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রাখা হয়েছে। এর ফলে সরকারি বিজ্ঞপ্তি বা প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিষয়টি দ্রুত পরিষ্কার করার দাবি তুলেছে REWA। মূলত এই প্রশাসনিক অস্পষ্টতার কারণেই দেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত প্রবীণের মনে তাঁদের পেনশন বাড়বে কি না, তা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে।
অতীতের বেতন কমিশনের নিয়ম কী ছিল?
REWA-এর স্মরণ করিয়ে দেওয়া তথ্য় অনুযায়ী, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম—প্রতিটি বেতন কমিশন গঠনের সময়ই একটি নির্দিষ্ট নিয়ম মানা হতো। কমিশন গঠনের ঠিক আগে যারা অবসর নিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রেও নতুন কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশন ও ফ্যামিলি পেনশন বৃদ্ধির সুবিধা নিশ্চিত করা হতো। কিন্তু বর্তমান অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ক্ষেত্রে সেই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় বড় ধরনের আশঙ্কার মেঘ তৈরি হয়েছে।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছিল। সেই অনুযায়ী কমিশনের নির্ধারিত ১৮ মাসের মোট সময়সীমার মধ্যে ইতিমধ্যে ১০ মাস পার হয়ে গেছে। বর্তমানে বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন কমিশন কর্তারা। আগামী দিনে এই কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং পেনশন সম্পর্কিত তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। কর্মী সংগঠনগুলির প্রস্তাব যদি শেষ পর্যন্ত মান্যতা পায়, তবে লেভেল ৭-এর কর্মচারীদের পেনশন এক লাফে বেড়ে প্রায় ৫৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এমন এক পরিস্থিতিতে পুরনো পেনশনভোগীদের ভাগ্য ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।