ছুটির মরসুমে বড় ধাক্কা! পরপর তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আজ থেকেই এটিএমেও টান পড়ার আশঙ্কা

আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ। ৭টি সংগঠনের এই মিলিত ফোরামের আন্দোলনের জেরে আজ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষ কাজের দিনে ব্যাঙ্ক বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে।
পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু করা, পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই ব্যবস্থা নিয়ে আপত্তি এবং একাধিক দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ২০২৩ সালের শেষে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কে কাজের বিষয়ে একটি চুক্তি হলেও, তা এখনও কার্যকর না হওয়ার অভিযোগ তুলেছে ইউনিয়নগুলি।
আজ ধর্মঘটের পাশাপাশি আগামী দিনে আরও বড় আন্দোলনের হুশিয়ারি দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমনকি আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলি।
কোন কোন ব্যাঙ্কে প্রভাব পড়বে?
এই ধর্মঘটের জেরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র-সহ একাধিক সরকারি ব্যাঙ্কের শাখা পরিষেবা প্রভাবিত হতে পারে। ইতিমধ্যেই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলি সম্ভাব্য পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে গ্রাহকদের সতর্ক করে দিয়েছে। ব্যাঙ্কগুলির তরফে শাখা ও অফিসের কাজ স্বাভাবিক রাখার বিকল্প ব্যবস্থার কথা বলা হলেও, কর্মীদের একটি বড় অংশ যোগ দেওয়ায় বাস্তবে কাজের গতি শ্লথ হতে পারে।
কোন কোন পরিষেবা পেতে সমস্যা হবে?
ব্যাঙ্কের শাখায় সরাসরি উপস্থিত হয়ে করতে হয় এমন কাজগুলিতেই মূলত সমস্যা দেখা দেবে।
নগদ টাকা জমা বা তোলা
চেক সংক্রান্ত কাজকর্ম
পাসবুক আপডেট করা
কেওয়াইসি বা কেওয়াইসি সংক্রান্ত পরিষেবা
লকার সংক্রান্ত কাজ ও ঋণ অনুমোদন
এটিএম ও ডিজিটাল পরিষেবা কি চালু থাকবে?
সম্পূর্ণ ব্যাঙ্কিং ব্যবস্থা বন্ধ না হলেও এটিএম পরিষেবা নিয়ে চিন্তা থাকছে। এটিএম খোলা থাকলেও ধর্মঘটের কারণে অনেক জায়গায় সময়মতো টাকা না ভরার আশঙ্কা রয়েছে। তবে ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলি স্বাভাবিক থাকবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের জরুরি লেনদেনগুলি আগে সেরে নিতে এবং ওয়াইওনো বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো মাধ্যমগুলি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ছুটির দিনগুলির আগে ব্যাঙ্কের কোনও জরুরি কাজ থাকলে তা দ্রুত সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।