“ছেড়ে কথা বলব না!” স্বামীর মৃত্যুর পর মাসিমার এআই ভিডিও বানিয়ে টাকা তোলার চেষ্টা, নেটদুিয়ায় তীব্র ক্ষোভ

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘মা মাসি কিচেন’-এর পরিচিত মুখ জ্যোতিপ্রসাদ বসুর প্রয়াণের পর নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিন্তু এই কঠিন পরিস্থিতির মাঝেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে এক ভয়ঙ্কর প্রতারণা। শোকের আবহকে পুঁজি করে প্রয়াত জ্যোতিপ্রসাদবাবুর স্ত্রীর অর্থাৎ সবার প্রিয় ‘মাসিমা’-র মুখ ও গলার আওয়াজ হুবহু নকল করে তৈরি করা হয়েছে ভুয়ো এআই ভিডিও। আর সেই ডিপফেক ভিডিওর মাধ্যমেই সাধারণ মানুষের কাছে চাওয়া হচ্ছে আর্থিক সাহায্য। বিষয়টি নজরে আসতেই সোশাল মিডিয়ায় কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

মেসোমশাইয়ের মৃত্যুর পর থেকেই পরিবারটি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। চ্যানেলে সেভাবে নতুন কোনো ভিডিও আসছে না, মাঝে মাঝে কেবল পুরনো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করা হচ্ছে। ঠিক এই সময়েই নেটদুনিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দাবি করা হয়, মাসিমা নিজেই স্বামীর মৃত্যুর কথা জানিয়ে নেটিজেনদের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করছেন। চ্যানেলের বিশ্বস্ত অনুরাগীরাই প্রথম এই ভিডিওটি দেখে সন্দেহ প্রকাশ করেন এবং পরিবারকে সতর্ক করেন। পরে খোঁজ নিয়ে স্পষ্ট হয় যে, সম্পূর্ণ ভিডিওটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজিতে তৈরি ভুয়ো।

এই জঘন্য ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ও বিরক্ত জ্যোতিপ্রসাদবাবুর স্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর এই দুঃসময় দেখে কেউ যেন তাঁকে দুর্বল ভাবার ভুল না করেন। সোশাল মিডিয়ায় যারা এই ধরনের জালিয়াতি চালাচ্ছেন, তাঁদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন ভালো কথা। কিন্তু আমার ক্ষতি করলে আমিও কিন্তু ছেড়ে কথা বলব না। দরকারে নির্দিষ্ট প্ল্যাটফর্মের কাছে অভিযোগ জানাব।” তিনি আরও পরিষ্কার করেন যে, তাঁর সাইবার অভিযোগের জেরে যদি কারোর আইডি নষ্ট হয়ে যায়, তবে তার কোনো দায় তিনি নেবেন না।

এই চরম বিপদের দিনেও নিজেদের সামলে নিয়ে অনুরাগীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মাসিমা। তাঁর সাফ কথা, সোশাল মিডিয়ায় বৈধ উপায়ে টাকা রোজগার করার অনেক পথ রয়েছে, কিন্তু অন্যের অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে এমন প্রতারণা অত্যন্ত লজ্জাজনক। তাঁর নাম করে কেউ কোনো আর্থিক সাহায্য চাইলে তা যেন কেউ এক মুহূর্তের জন্যও বিশ্বাস না করেন। পাশাপাশি, এমন কোনো ভুয়ো ভিডিও চোখে পড়লে তা দ্রুত চ্যানেল কর্তৃপক্ষকে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *