আন্তর্জাতিক কুস্তির আঙিনায় ধাক্কা, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশ নেওয়ার আর্জি খারিজ দিল্লি হাইকোর্টের

আন্তর্জাতিক কুস্তির আঙিনায় প্রত্যাবর্তনের লড়াইয়ে বড় ধাক্কা খেলেন তারকা কুস্তিগির বিনেশ ফোগাট। ২০২৬ সালের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের নির্বাচক ট্রায়ালে অংশগ্রহণের জন্য বিনেশের করা অন্তর্বর্তীকালীন আর্জির আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আগামী ১৪ সেপ্টেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এই ট্রায়াল আয়োজিত হতে চলেছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্ধারিত যোগ্যতামানের নিয়মে বিনেশকে কোনো রকম ছাড় দিতে রাজি হয়নি আদালত।
বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা তাঁর রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডব্লিউএফআই-এর ৭ সেপ্টেম্বরের সার্কুলারে নির্ধারিত মাপকাঠি সমস্ত ক্রীড়াবিদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কোনো অ্যাথলিট নির্দিষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে তিনি যোগ্যতার বিভাগের আওতাভুক্ত হবেন না। বিনেশের মাতৃত্বকালীন বিরতির বিষয়টিকে আদালত সম্মান জানালেও, শুধুমাত্র তার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন ছাড় দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের ছাড় দিলে তা অন্য সমকক্ষ ক্রীড়াবিদদের প্রতি বৈষম্যের শামিল হতে পারে।
২০২৫ সালের জুলাই মাসে মা হওয়ার পর ফের অনুশীলনে ফেরেন বিনেশ। ডব্লিউএফআই-এর নির্দেশিকায় অলিম্পিক ওজন বিভাগে ট্রায়ালের জন্য নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, যেখানে পদকজয়ী ও জাতীয় শিবিরের সদস্যরা অংশ নিতে পারবেন। বিনেশের যুক্তি ছিল, মাতৃত্বকালীন ছুটির কারণে তিনি সেই প্রতিযোগিতায় নামতে পারেননি এবং তিনি সরাসরি দলে সুযোগ না চেয়ে কেবল ট্রায়ালে লড়াইয়ের সুযোগ চেয়েছিলেন। কিন্তু আদালতের বিচারে সেই যুক্তি ধোপে টেকেনি। ফলে আগামী ২৪ অক্টোবর থেকে কাজাখস্তানের আস্তানায় শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর অংশ নেওয়া নিয়ে তৈরি হলো বড় অনিশ্চয়তা।
মাতৃত্বকালীন ছুটির পর খেলায় ফেরা মহিলা ক্রীড়াবিদদের জন্য একটি সুনির্দিষ্ট কাঠামোগত নীতির দাবিতে ইতিমধ্যেই বৃহত্তর পিটিশন দাখিল করেছেন বিনেশ। এর পাশাপাশি ফেডারেশনের দেওয়া শোকজ নোটিশ বাতিলের আইনি লড়াইও জারি রয়েছে। আদালতের এই রায়ের ফলে আপাতত ১৪ তারিখের ট্রায়ালে তাঁর নামা হচ্ছে না, যা ভারতীয় কুস্তির ময়দানে এক বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।