গলায় শক্ত করে আটকে ট্রাক্টরের টায়ার! চা-বাগানে ঘুরে বেড়ানো হাতিকে বাঁচাল বন দফতর

অসমের গোলাঘাট জেলার নুমালিগড়ের বাকিয়াল এলাকায় গলায় ট্রাক্টরের শক্ত টায়ার আটকে থাকা একটি বুনো হাতিকে সুস্থভাবে উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা একটি চা-বাগানের মধ্যে হাতিটিকে ওই অবস্থায় ঘুরে বেড়াতে দেখতে পান। খাবারের সন্ধানে ঘোরার সময়ই কোনোভাবে টায়ারটি হাতিটির গলায় আটকে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় চরম উদ্বেগ ছড়ায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোলাঘাট বন বিভাগের আধিকারিকরা এবং ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া তথা সিসিডব্লিউআরসি-র একটি বিশেষ দল। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সেন্টার হেড ও প্রধান পশুচিকিৎসক ভাস্কর চৌধুরীর নেতৃত্বে এই উদ্ধার অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে কোহরার স্টেট ডিসপেনসারির পশুচিকিৎসা আধিকারিক বিশ্বজিৎ বরুয়াও এই ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেন। সারাদিন হাতিটির গতিবিধির ওপর নজর রাখার পর সন্ধ্যা নামতেই তাকে রাসায়নিকভাবে অচেতন করা হয়।
হাতিটির যাতে ন্যূনতম আঘাত না লাগে, সেদিকে সম্পূর্ণ নজর রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে গলার সেই টায়ারটি কেটে ফেলে দেন চিকিৎসকরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে টায়ারের ফাঁদ থেকে মুক্তি পায় বুনো হাতিটি। সুস্থ হওয়ার পর সে নিরাপদে নিজের পালের কাছে ফিরে যায়। এই সফল উদ্ধারকাজে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মনে।