একের পর এক চোটের ধাক্কা! রোহিত-কোহলিদের দলে বড়সড় রদবদল ঘটিয়ে বড় শাস্তি দিল বিসিসিআই

দলের ক্রিকেটারদের লাগাতার চোটের সমস্যার জেরে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এক হাই-লেভেল রিভিউ মিটিংয়ের পর টিম ইন্ডিয়ার প্রধান ফিজিও কমলেশ জৈনের চুক্তি বাতিল করেছে বিসিসিআই। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, জৈন বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন এবং খুব শীঘ্রই তাঁর জায়গায় নতুন কাউকে প্রধান ফিজিও হিসেবে নিয়োগ করা হতে পারে।
২০২২ সালে নীতীন প্যাটেলের কাছ থেকে জাতীয় দলের প্রধান ফিজিওর দায়িত্ব নিয়েছিলেন কমলেশ জৈন। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের বারবার চোটের কবলে পড়ে ছিটকে যাওয়ার ঘটনা বোর্ডের অন্দরে অস্বস্তি বাড়িয়েছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে, দলের সামগ্রিক মেডিক্যাল সাপোর্ট ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় বোর্ড।
শুধু ক্রিকেটারদের চোটের সমস্যাই নয়, বোর্ডের নিজস্ব মেডিক্যাল ব্যবস্থার ওপর আস্থা কমাও এই বড় সিদ্ধান্তের অন্যতম বড় কারণ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে নিজস্ব উন্নত মেডিক্যাল টিম থাকা সত্ত্বেও একাধিক সিনিয়র ক্রিকেটার চিকিৎসা এবং ফিটনেসের পরামর্শের জন্য বোর্ডের নির্ধারিত প্রোটোকল ভেঙে বাইরের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন। এর ফলে বোর্ডের অভ্যন্তরীণ মেডিক্যাল প্রোটোকলের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করে।
এর পাশাপাশি সাপোর্ট স্টাফে সাম্প্রতিক পরিবর্তনও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোম দেশাইয়ের বিদায়ের পর সেই দায়িত্বে আসেন অ্যাড্রিয়ান লে রক্স। নতুন সাপোর্ট স্টাফের কার্যপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে গিয়েও ক্রিকেটারদের কিছু সমস্যায় পড়তে হয়েছিল বলে খবর।
সব মিলিয়ে টিম ইন্ডিয়ার মেডিক্যাল ও ফিটনেস সাপোর্ট সিস্টেমে বড়সড় রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কমলেশ জৈনের চুক্তি বাতিল সেই পরিবর্তনেরই প্রথম বড় ধাপ। সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ রয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই সিরিজের আগেই দলের এই গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফের জায়গায় নতুন কোনো মুখ দেখা যায় কি না, এখন সেটাই দেখার।