প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা! মহিলা হকি এশিয়া কাপে পাকিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে টিম ইন্ডিয়া

মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানকে আক্ষরিক অর্থেই গোল বন্যায় ভাসাল ভারতীয় দল। চিনের মোচিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ১৯-০ গোলের ব্যবধানে একপেশেভাবে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় যুবা হকি দল। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে একক আধিপত্য বজায় রেখে এই জয় ছিনিয়ে নেন ভারতীয় মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানি ডিফেন্সের ওপর চড়াও হন ভারতীয় ফরোয়ার্ডরা। প্রথম কোয়ার্টারেই ৫টি গোল করে ম্যাচের দখল নেয় ভারত। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারেও গোলের ধারা অব্যাহত থাকে। খেলার প্রথমার্ধেই ১০-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল দল। পুরো ম্যাচে ভারত মোট ১৯টি গোল করার পাশাপাশি ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয়। অন্যদিকে, পাকিস্তানের মেয়েরা ম্যাচে একটিও গোল বা পেনাল্টি কর্নার তো বটেই, গোলের মতো ন্যূনতম পরিস্থিতিও তৈরি করতে পারেনি।

এই বিশাল জয়ের ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে সেমিফাইনালের মঞ্চে পা রাখল ভারত। আগামী শনিবার সেমিফাইনালের লড়াইয়ে কোরিয়া অথবা মালয়েশিয়ার মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতীয় দল। শিরোপা জয় করাই এখন দলের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *