পুজোয় পাহাড়ে গিয়ে ভিড় বাড়াবেন কেন? ছদ্মবেশী ‘আমাজন’ লুকিয়ে রয়েছে বাংলার ঠিক এই কোণেই!

দুর্গাপুজোর ছুটিতে একটু অন্যরকম জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে পূর্ব বর্ধমানের ‘বাংলার আমাজন’ হতে পারে দারুণ এক গন্তব্য। পূর্বস্থলীর চুপি পাখিরালয় থেকে নৌকায় চেপে সরু জলপথ ধরে কয়েক ঘণ্টার যাত্রা শেষে পৌঁছনো যায় এই মনোরম জায়গায়। দু’পাশে ঘন সবুজ গাছপালা, মাঝখান দিয়ে বয়ে চলা সরু জলপথ আর চারপাশের নির্জন পরিবেশ—সব মিলিয়ে প্রকৃতির এক অন্যরকম রূপ ধরা দেয় এখানে।
ভিড় এড়িয়ে নিরিবিলিতে সময় কাটাতে চুপি ছাড়িগঙ্গা থেকে নৌকা ভাড়া করে মাঝিদের বললেই তাঁরা পর্যটকদের নিয়ে যান এই ‘বাংলার আমাজনে’। নৌকায় যাওয়া-আসা মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগতে পারে, তাই সঙ্গে পর্যাপ্ত জল ও খাবার রাখার পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা। হাওড়া-কাটোয়া লাইনে নবদ্বীপের দুটি স্টেশন পরেই অবস্থিত পূর্বস্থলীর এই এলাকা। বিশেষ করে শীতকালে সাইবেরিয়া বা আফগানিস্তানের মতো দূরদূরান্ত থেকে আসা প্রচুর পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চল। কলকাতা বা আশেপাশের এলাকার প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে বার্ডিংয়ের জন্য এটি অত্যন্ত আদর্শ একটি লোকেশন।
শহরের কোলাহল থেকে দূরে পুজোর একটা দিন প্রকৃতির মাঝে কাটাতে চাইলে পূর্ব বর্ধমানের এই ‘বাংলার আমাজন’ হতে পারে আপনার ভ্রমণের তালিকায় একেবারে অন্যরকম এক সংযোজন।