৪ লক্ষ টাকার বাম্পার অফার! মার্কিন নির্বাচনে জিতলেই কি প্রতি নাগরিকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ট্রাম্প?

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের প্রচার এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই ভোটারদের মন জয় করতে এক বিরাট আর্থিক ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ডালাসে ২০২৬ সালের রিপাবলিকান কনভেনশনে ভাষণ দেওয়ার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় চার লক্ষ টাকারও বেশি করে দেওয়া হবে।
ট্রাম্পের দাবি, তাঁর শাসনকালে আমেরিকার অর্থনীতি দারুণ গতি পেয়েছে এবং দেশ প্রচুর অর্থ উপার্জন করছে। এই বিশাল আর্থিক সাফল্যের কারণেই তিনি প্রতিটি নাগরিককে এই অর্থ দেওয়ার কথা ঘোষণা করতে পারছেন। তবে সিএনএন-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে দেওয়া হবে বা এর তহবিল কোথা থেকে আসবে, সে বিষয়ে কোনো স্পষ্ট রূপরেখা দেননি তিনি।
রাজনৈতিক সমীকরণ ও ট্রাম্পের জনপ্রিয়তা
সাম্প্রতিক রাজনৈতিক সমীক্ষায় ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা ইরান সংকট, দেশে লাগামছাড়া জীবনযাত্রার খরচ বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ার মতো বিষয়গুলো বর্তমান প্রশাসনের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের সমর্থন ফেরাতেই ট্রাম্পের এই নতুন আর্থিক প্রতিশ্রুতি বলে ধারণা রাজনৈতিক মহলের।
এর আগেও ট্রাম্প একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করেছিলেন। চলতি বছরের জুলাই মাসে তিনি ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ প্রকল্পের কথা ঘোষণা করেন, যার মাধ্যমে ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি আমেরিকান শিশুকে ১০০০ ডলার দেওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া, ২০২৫ সালে সাড়ে চৌদ্দ লক্ষ সেনাকে করমুক্ত এককালীন ১৭৭৬ ডলার ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ বোনাস দেওয়া হয়েছিল। সব মিলিয়ে, নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই নতুন মাস্টারস্ট্রোক মার্কিন রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।