স্টক এক্সচেঞ্জে বড় চমক! ১৮০০ কোটির মেগা অর্ডার পকেটে পুরল দিলীপ বিল্ডকন, চাঙ্গা শেয়ার বাজার

পরিকাঠামো ক্ষেত্রে ফের এক বিরাট সাফল্যের খবর সামনে এল। দেশের অন্যতম প্রধান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি দিলীপ বিল্ডকন লিমিটেড (Dilip Buildcon Ltd) পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ডের (PNGRB) কাছ থেকে একটি লোভনীয় প্রকল্পের লেটার অফ ইনটেন্ট বা এলওআই (LOI) লাভ করেছে। ওড়িশার পারাদ্বীপ থেকে ছত্তিশগড়ের রায়পুর পর্যন্ত একটি অত্যাধুনিক এলপিজি (LPG) পাইপলাইন নির্মাণের বিশাল কাজের দায়িত্ব পেয়েছে এই সংস্থা।
সংস্থা সূত্রে জানা গেছে, এই প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন বা ইপিসি (EPC) কাজের মোট আর্থিক মূল্য প্রায় ১,৮০০ কোটি টাকা (জিএসটি বাদে)। এই পুরো প্রকল্পটির রূপায়ণ করা হবে একটি স্পেশাল পারপাস ভেহিকেল বা এসপিভি (SPV)-র মাধ্যমে, যেখানে শতভাগ ইকুইটি অংশীদারিত্ব থাকবে দিলীপ বিল্ডকনের হাতে। আগামী ৩৬ মাসের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
প্রকল্পটির রূপরেখা অনুযায়ী, ওড়িশা থেকে ছত্তিশগড় পর্যন্ত এই এলপিজি পাইপলাইন তৈরি হলে বিভিন্ন তেল বিপণন সংস্থার (OMC) বোতলিং প্লান্টে তরল পেট্রোলিয়াম গ্যাস পরিবহন প্রক্রিয়া অত্যন্ত সহজ ও দ্রুততর হবে। এছাড়া, সাধারণ বাহক বা কমন ক্যারেক্টার হিসেবে এই পাইপলাইনের সুবিধা অন্যান্য যোগ্য সংস্থাও গ্রহণ করতে পারবে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর পরবর্তী ২৫ বছর ধরে এই পাইপলাইন পরিকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বেও থাকবে দিলীপ বিল্ডকন।
এই মেগা অর্ডারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বাজার বিশেষজ্ঞদের নজর রয়েছে কোম্পানির শেয়ারের ওপর। এর আগে বুধবার স্টক এক্সচেঞ্জে দিলীপ বিল্ডকন লিমিটেডের শেয়ার সামান্য পতনের সঙ্গে ৩৯১.৫৫ টাকায় লেনদেন শেষ করলেও, এই নতুন বরাত পাওয়ার জেরে আগামী দিনে কোম্পানির ব্যবসায় বড় ধরনের জোয়ার আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।