পুজো আসতেই আবহাওয়ায় বড় পটপরিবর্তন! কোন কোন জেলায় ভাসবে? জানুন লেটেস্ট আপডেট

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের মাথাচাড়া দিয়ে উঠছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান ও উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং বর্তমানে তা পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে পূর্ব দিকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আইএমডি (IMD)-র বিশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। বুধবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এরপর শুক্র ও শনিবার ফের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কয়েক দিন ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *