রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বিরাট বদল! আর ৪৫ দিন নয়, এবার থেকে কতদিন পর সিলিন্ডার পাবেন?

রান্নার গ্যাসের (LPG Cylinder) বুকিংয়ের নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। এর ফলে আগের মতো আর লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের জন্য বড় স্বস্তি দিয়ে সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে শহর ও গ্রাম—সব জায়গার গ্রাহকদের জন্যই একই নিয়ম প্রযোজ্য হবে।

কেন বদল আনা হয়েছিল নিয়মে?

অতীতে আমেরিকা-ইরান যুদ্ধ তথা মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছিল। যার ফলে ভারতেও রান্নার গ্যাসের জোগান নিয়ে বড় ধরনের চাপ সৃষ্টি হয়। সেই সময় সংকট এড়াতে এবং চাহিদা নিয়ন্ত্রণে রাখতে সিলিন্ডার বুকিংয়ের নিয়মে কড়াকড়ি আনে সরকার। শহর অঞ্চলে গ্যাসের বুকিংয়ের ব্যবধান ২৫ দিন রাখা হলেও, গ্রামীণ এলাকার গ্রাহকদের ক্ষেত্রে একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয় সিলিন্ডার নেওয়ার জন্য দীর্ঘ ৪৫ দিন অপেক্ষা করতে হতো।

কী হলো নতুন নিয়ম?

পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং গ্যাসের জোগান স্বাভাবিক হয়ে আসায় সেই পুরনো কড়াকড়ি শিথিল করেছে কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রতিমন্ত্রী সুরেশ গোপী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, তেল বিপণন সংস্থাগুলোর ওপর থেকে চাপ কমার পর এবার গ্রামীণ এলাকার জন্য রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে।

আজ থেকে সমস্ত ঘরোয়া গ্যাস গ্রাহক—তাঁরা শহর কিংবা গ্রাম যেখানেই থাকুন না কেন, মাত্র ২৫ দিনের ব্যবধানে পরবর্তী এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন। সরকারের এই পদক্ষেপে দেশের গ্রামীণ অঞ্চলের কোটি কোটি গৃহিণী রান্নার গ্যাস পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *