দিনে মাত্র ৩০ মিনিট খাবারকে সময় দিন! অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর এই বার্তা শুনলে চোখ কপালে উঠবে

“আমরা যা খাব, শরীরও ঠিক তেমনই তৈরি হবে।” খাবারের সঙ্গে শরীরের সরাসরি সম্পর্কের কথা তুলে ধরে স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার ওপর জোর দিলেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)-এর উদ্যোগে তৈরি ‘ইট রাইট ইন্ডিয়া’ প্রচারের একটি বিশেষ ভিডিওতে তাঁকে খাবার এবং দৈনন্দিন খাওয়ার অভ্যাস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিতে দেখা গিয়েছে।
অভিনেতার মতে, শুধু ভালো খাবার বা কী খাচ্ছি সেটাই শেষ কথা নয়, বরং ঠিক কোন উপায়ে বা কীভাবে খাচ্ছি, সেদিকেও সমানভাবে নজর দেওয়া জরুরি। পঙ্কজের সাফ কথা, খাদ্যাভ্যাস মানুষের শারীরিক গঠনে সরাসরি প্রভাব ফেলে, তাই প্রতিদিনের খাবারের তালিকা নিয়ে প্রত্যেককেই সচেতন হতে হবে।
তবে তাঁর বার্তা কেবল খাওয়াদাওয়ায় আটকে থাকেনি। খাবারের সঙ্গে মানুষের চিন্তাভাবনারও গভীর যোগ রয়েছে বলে মনে করেন এই অভিনেতা। তাঁর কথায়, “আমরা যা ভাবব, তাই আমাদের ব্যক্তিত্ব গঠন করবে।” তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনের স্বাস্থ্যের প্রতিও সমান যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পঙ্কজের নতুন ও স্বাস্থ্যকর অভ্যাস
ওই ভিডিওতে নিজের জীবনের একটি নতুন অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন পঙ্কজ ত্রিপাঠী। তিনি জানিয়েছেন, গত এক মাস ধরে তিনি তাড়াহুড়ো করে খাওয়া বন্ধ করে দিয়েছেন। বরং প্রতিবেলা খাবার খাওয়ার জন্য তিনি এখন অন্তত আধ ঘণ্টা সময় বরাদ্দ করেন। দ্রুত খাবার শেষ করে অন্য কাজে ছুটে যাওয়ার বদলে তিনি এখন খাবারের আসল স্বাদ ধীরে ধীরে উপভোগ করছেন। খাবারের ‘রস’ এবং ‘টেস্ট’ পুরোপুরি অনুভব করেই খাওয়ার অভ্যাস করেছেন তিনি।
আজকের ব্যস্ত জীবনে দিনের অধিকাংশ সময়টাই কাজ, বিভিন্ন দায়িত্ব আর লাগাতার ছোটাছুটির মধ্যে কেটে যায়। সেই ইঁদুরদৌড়ের মাঝে খাওয়ার সময়টুকুকে নিজের জন্য ছোট্ট একটা বিরতির মুহূর্ত হিসেবে দেখছেন পঙ্কজ। তাঁর মতে, যখন খেতে বসবেন, তখন সম্পূর্ণ মনযোগ যেন শুধু খাবারের দিকেই থাকে। অন্য কোনো চিন্তা বা বিষয়ে মন না দিয়ে খাবারকে যথাযথ সময় দেওয়াই এখন তাঁর মূল মন্ত্র।
খাবারের প্রতি শ্রদ্ধা ও সংস্কৃতি
ভারতীয় সনাতন সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে খাবারের প্রতি শ্রদ্ধার প্রসঙ্গও উঠে এসেছে পঙ্কজের কথায়। খাবার খাওয়ার আগে তা প্রণাম করা এবং পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করার যে পুরোনো প্রচলন রয়েছে, তার উল্লেখ করে তিনি একে এক ধরনের প্রার্থনার সঙ্গে তুলনা করেছেন।
সবমিলিয়ে পঙ্কজ ত্রিপাঠীর বার্তার মূল কথা হলো, কেবল পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াই যথেষ্ট নয়, বরং সচেতনভাবে ধীরেসুস্থে খাওয়াও সমান জরুরি। জীবনের এই ব্যস্ততার ফাঁকে খাবারকে স্রেফ কাজ সারার মতো দ্রুত শেষ করে না দিয়ে, তার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শই দিয়েছেন এই তারকা।