“যা হবে মাতৃপক্ষেই হবে, পিতৃপক্ষে কিছু নয়!” পুজো অনুদান ও গাইডলাইন নিয়ে আজ মেগা বৈঠকে বড় বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

“যা হবে মাতৃপক্ষেই হবে, পিতৃপক্ষে কিছু হবে না।” ইতিমধ্যেই এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে নতুন সরকারের প্রথম সমন্বয় বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মণ্ডপের প্রস্তুতি, শিল্পীদের কাজ ও প্রতিমা তৈরির ব্যস্ততার মধ্যেই আজ সকলের নজর আটকে রয়েছে মুখ্যমন্ত্রীর এই মেগা বৈঠকের দিকে। প্রশাসনিক শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এই বৈঠক থেকেই পুজোর কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে।

পরিবর্তনের বাংলায় নতুন সরকারের আমলে বাংলার সবচেয়ে বড় উৎসবকে ঘিরে সরকারের সুনির্দিষ্ট অবস্থান কী হতে চলেছে, তা আজকের বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে পুজো অনুদানের পরিমাণ বৃদ্ধি পায় কি না এবং পুজো পরিচালনার ক্ষেত্রে নতুন সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা পরামর্শ দেওয়া হয় কি না, সেদিকেই এখন তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন পুজো উদ্যোক্তারা।

মহালয়ায় মেগা অনুষ্ঠান এবং আমন্ত্রণ
পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে আজকের এই প্রস্তুতি বৈঠক এবং আগামী ১০ অক্টোবর মহালয়ার দিনে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলা মেগা অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, পর্যটন দফতরের তরফে ইতিমধ্যে মহালয়ার অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এই বিশেষ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হবে।

পিতৃপক্ষ বনাম মাতৃপক্ষ বিতর্ক
উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে পিতৃপক্ষ থেকেই বিভিন্ন পুজোর উদ্বোধন শুরু করে দেওয়ার প্রথা চালু ছিল। তৎকালীন সময়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সেই সময়ের বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতার পালাবদলের পর তাঁর সরকার যে সেই পুরোনো পথে হাঁটবে না, তা আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। এদিনের বৈঠকের প্রাক্কালে তাই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা—‘‘যা হবে মাতৃপক্ষেই হবে, পিতৃপক্ষে কিছু হবে না।’’ সবমিলিয়ে, আজকের এই মিলন মেলার বৈঠকে অনুদান থেকে শুরু করে উৎসবের রূপরেখা নিয়ে কী বড় ঘোষণা হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *