নতুন নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম? স্ত্রীর থেকে দূরে থাকা নিয়ে অবশেষে মুখ খুললেন রণজয় বিষ্ণু!

বিয়ের বছর পার হতে না হতেই কি ভাঙনের সুর বেজে উঠল জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির সংসারে? টলিপাড়ায় কান পাতলেই এখন জোর গুঞ্জন, রণজয়ের বাড়ি থেকে নাকি ইতিমধ্যেই আলাদা থাকছেন শ্যামৌপ্তি। অন্যদিকে, বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন রণজয়। এই মেগা সিরিয়ালেরই নায়িকা অভিকা মালাকারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন এখন ইন্ডাস্ট্রির হট কেক। এর আগেও একাধিক নায়িকার সঙ্গে রণজয়ের নাম জড়ানোয় চর্চা কম হয়নি। ব্যক্তিগত জীবনের এই লাগাতার বিতর্ক ও সম্পর্কের গুঞ্জন তাঁর কাজের ওপর কতটা প্রভাব ফেলে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়েই খোলামেলা কথা বললেন অভিনেতা।
সম্পর্কের টানাপোড়েন ও গুঞ্জন প্রসঙ্গে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রণজয় তুলনা টেনে বলেন, একজন সরকারি কর্মচারীর সংসারে অশান্তি থাকলেও তাঁকে যেমন অফিস গিয়ে নিজের কাজ করতে হয়, তাঁর পেশাও ঠিক তেমনই। প্রায় ১৭-১৮ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এই পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের সমস্যা কাজের ওপর একেবারেই প্রভাব ফেলে না—এমনটা ভাবা ভুল বলে স্বীকার করেছেন অভিনেতা। তাঁর কথায়, “আমিও তো মানুষ!”
রণজয়ের মতে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চর্চা হওয়ার মূল কারণ তিনি পেশাগতভাবে কাজের সুবাদে শিরোনামে থাকেন। অভিনেতার আক্ষেপ, মানুষ অনেক সময়ই নিজেদের জীবন ও পারিপার্শ্বিক অভিজ্ঞতার নিরিখেই অপরকে বিচার করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ছবি না দিলে বা চুপচাপ থাকলে লোকে নিজেদের মতো করে খারাপ থাকার ধারণা বানিয়ে নেয়, যা আদতে সত্য নয়।
তবে বাইরের মানুষের ট্রোল বা গুঞ্জন তাঁকে খুব একটা আঘাত করে না বলেই স্পষ্ট জানিয়েছেন রণজয়। তাঁর সাফ কথা, বাইরের কে কী বলল, তাতে কিছু যায় আসে না; আসল আঘাতটা তখনই লাগে, যখন নিজের কাছের কোনো মানুষ তাঁকে নিয়ে ভুল বা খারাপ ধারণা পোষণ করেন। প্রত্যেকের কাছে গিয়ে সাফাই দেওয়া সম্ভব নয় বলেই মনে করেন এই অভিনেতা।