মুখ্যসচিবকে কড়া ডেডলাইন দিল সিজেপি! ৭ সেপ্টেম্বরের মধ্যে দেখা না হলে সরাসরি কোন বড় হুশিয়ারি?

প্রয়াত মাফিকের হত্যা মামলায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে এবার তীব্র আক্রমণ শানাল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। শনিবার কলকাতার বেকবাগানে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংগঠনের সদস্য ও নেতারা। একইসঙ্গে মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে রাজ্য সরকারকে নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সিজেপি সদস্য আবদুল হাফিজ অভিযোগ করেন, গত ২৫ আগস্ট হত্যাকাণ্ডে জড়িত এক অভিযুক্তকে চিহ্নিত করা সত্ত্বেও তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। উলটে ওই ব্যক্তি পুলিশি নিরাপত্তায় ও ঘেরাটোপে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং রাখিবন্ধনের দিন ইন্দাস থানার সামনে অনুষ্ঠানও করেছেন। তিনি বলেন, “চিহ্নিত অভিযুক্ত যদি এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ান, তবে সাধারণ মানুষ প্রশাসনের কাছে কীভাবে ন্যায়বিচার আশা করবে?”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিগুলি তুলে ধরতে চান তাঁরা। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সাক্ষাৎ না হয়, তবে আগামী ৮ সেপ্টেম্বর বাঁকুড়ার জেলাশাসকের (DM) দফতর ঘেরাও করবে সিজেপি।

সিজেপির প্রধান দাবিগুলি হলো— ১. প্রয়াত মাফিকের স্মরণে একটি স্কুল প্রতিষ্ঠা করা। ২. কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন শৃঙ্খলামূলক প্রশাসনিক তদন্ত কমিটি গঠন। ৩. হত্যা মামলায় সন্দেহভাজন ও অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। ৪. নিহতের পরিবারকে দ্রুত ন্যায়বিচার পাইয়ে দিতে প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

সিজেপির জয়েন্ট সেক্রেটারি প্রেম আকাশ গোলু জানান, এর আগে প্রশাসনকে পর্যাপ্ত সময় দেওয়া হলেও সুরাহা মেলেনি। সংগঠন সংঘাত চায় না, তবে প্রতিশ্রুতি মতো কাজ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *