রক্ত চুষে টাকা নেওয়ার অভিযোগ! তৃণমূলের পার্টি অফিসে আগুন জ্বালিয়ে জোরদার দখল নিল টোটো চালকরা

রেজিস্ট্রেশনের নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁ। শনিবার বিকেলে বিক্ষুব্ধ টোটো চালকরা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। পুরো ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ-চাকদা রোডের ধারে টাউন মার্কেটের ওপরে দীর্ঘদিন ধরে তৃণমূলের ওই সেন্ট্রাল পার্টি অফিসটি তালাবন্ধ অবস্থাতেই ছিল। অভিযোগ, অতীতে তৃণমূলের জমানায় বিভিন্ন রুটে টোটো চালানো এবং রেজিস্ট্রেশনের নামে চালকদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। পরবর্তীতে সেই টোটো চালকদের বড় একটি অংশ ভারতীয় মজদুর সংঘের ছত্রছায়ায় চলে আসেন।

এদিন টাকা ফেরতের দাবিতে শতাধিক টোটো চালক ওই তালাবন্ধ পার্টি অফিসের সামনে জড়ো হন। এরপর তাঁরা জোর করে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পার্টি অফিসের ভেতরে থাকা শাড়ি ও তৃণমূলের ব্যানার বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, বিক্ষোভ শেষে ওই পার্টি অফিসে নতুন করে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ চালকরা।

ভারতীয় মজদুর সংঘের টোটো ইউনিয়নের সম্পাদক সুবোধ জানা বলেন, “তৃণমূলের নেতারা টোটো চালকদের রক্ত চুষে কোটি কোটি টাকা তুলেছেন। টাকা ফেরত না দেওয়ায় ক্ষুব্ধ চালকরা পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়েছেন এবং এখন এটি আমাদের দখলেই থাকবে।”

অন্যদিকে, তৃণমূল নেতা পঙ্কজ রায় বলেন, “আজ আমাদের কার্যালয়ে একটি মিটিং ডাকা হয়েছিল। তার আগেই এসে দেখলাম সব কিছু ভাঙচুর করে তছনছ করা হয়েছে। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা সবাই স্পষ্ট দেখতে পেয়েছেন।” ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *