“মুড়ির সঙ্গে গরম চা আর আলুর চপ!”-মাত্র ১০ মিনিটে বাড়িতেই বানান সুস্বাদু চপ

বর্ষাকাল হোক কিংবা শীতের আমেজ, বাঙালির আড্ডায় মুড়ির সঙ্গে গরম গরম আলুর চপের জুড়ি মেলা ভার। সঙ্গে যদি এক কাপ ধোঁয়া ওঠা গরম চা থাকে, তবে তো সোনায় সোহাগা। তবে সবসময় দোকানের অস্বাস্থ্যকর তেলে ভাজা চপ না খেয়ে, ঘরের পরিচ্ছন্ন পরিবেশে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর আলুর চপ। রইল এর সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
-
সেদ্ধ আলু: ২টি বড় সাইজের
-
বেসন: ১০০ গ্রাম
-
কর্নফ্লাওয়ার: ২ বড় চামচ
-
আদা-রসুন বাটা: ৩ ছোট চামচ
-
পেঁয়াজ কুচি: ১টি (মিহি করে কাটা)
-
কাঁচা লঙ্কা কুচি: ২টি
-
ধনেপাতা কুচি: ২ বড় চামচ
-
হলুদের গুঁড়ো: ১/২ চামচ
-
লঙ্কার গুঁড়ো: ১ ছোট চামচ
-
গরম মশলা: ১/২ চামচ
-
বেকিং সোডা: ১/২ ছোট চামচ
-
নুন: স্বাদমতো
-
ভাজার জন্য তেল ও পরিমাণমতো জল
তৈরির সহজ পদ্ধতি
-
প্রথমে সেদ্ধ করা আলুগুলি ভালো করে চটকে মেখে নিন।
-
এরপর কড়াইতে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর একে একে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো ও গরম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
-
মশলা থেকে গন্ধ বের হলে তাতে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং চটকে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ২-৩ মিনিট পর গ্যাস বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
-
এবার অন্য একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা ও পরিমাণমতো নুন একসঙ্গে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে একটি ঘন ব্যাটার বা গোলায় তৈরি করুন।
-
ঠান্ডা হওয়া আলুর মিশ্রণ থেকে লেচির মতো ছোট ছোট অংশ কেটে চ্যাপটা চপের আকার দিন।
-
কড়াইতে ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করুন। এবার আলুর চপগুলি বেসনের গোলায় ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।
-
মাঝারি আঁচে উল্টেপাল্টে লালচে ও মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিন।
সন্ধের আড্ডায় মুড়ি ও গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন এই ক্রিসপি ও সুস্বাদু আলুর চপ।