‘ও নতুন জীবন পেয়েছে…’, ৯ দিন পর স্বামীকে ফিরে পেয়ে কি বললেন উচ্ছসিত স্ত্রী?

গত নয় দিন ধরে চলা চরম অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নেপালের ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো মেকানিক্যাল সুপারভাইজার কবীর মহর্জন ও অপর এক কর্মী সঞ্জয় সাহকে। দীর্ঘ ন’দিন ধরে স্বামীর সুরক্ষিত ফেরার অপেক্ষায় থাকা স্ত্রী হীরা শোভা এই খবর পেতেই আবেগে ভেঙে পড়েন। সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর স্বামী যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছেন।

গত ২৬ অগস্ট নেপালে ভয়াবহ হড়পা বানের জেরে ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পে কাজ চলাকালীন এই বিপর্যয় ঘটে এবং ৪০ জন শ্রমিকের খোঁজ মিলছিল না। এর পর থেকেই পরিবারের অনেকে আশা হারিয়ে ফেললেও হাল ছাড়েননি হীরা শোভা। একটানা ৯ দিন ধরে নাওয়া-খাওয়া ভুলে স্বামীর বেঁচে ফেরার প্রার্থনা করে গিয়েছেন তিনি। শুক্রবার সকালে সুড়ঙ্গের ভেতর থেকে মানুষের শব্দ পেয়ে উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকারীরা। এরপরই কবীর ও সঞ্জয়কে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়।

তবে এই দুই কর্মীর উদ্ধার পাওয়ার ঘটনায় বাকি নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলিতে নতুন আশার সঞ্চার হলেও, উদ্ধারকাজ শেষে স্বস্তি মিলল না পুরোপুরি। নেপালি সেনা সূত্রে জানানো হয়েছে, সুড়ঙ্গে তল্লাশি চালিয়ে আর কোনো জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি, বরং এক কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে যার পরিচয় এখনও জানা যায়নি। ফলে বাকি ৩৭ জন নিখোঁজ শ্রমিকের স্বজনদের উদ্বেগ এখনও বহাল রয়েছে। তা সত্ত্বেও, হীরা শোভার মতো বহু পরিবারই এখনও অলৌকিক কোনো খবরের প্রতীক্ষায় দিন গুনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *