মাঝ আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে এল বিমান! ভয়াবহ দুর্ঘটনার জেরে বড় পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া

ফুকেত-দিল্লি ফ্লাইটে বড় ধরনের আতঙ্ক এবং চাঞ্চল্যকর ঘটনার পর কঠোর পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া। ড্রাগ টেস্টে পজিটিভ আসার পর এবং বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ওই বিমানের পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সুরক্ষার সঙ্গে আপস না করার ‘জিরো-টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল আকাশে? চলতি বছরের ৪ আগস্ট ঘটে যাওয়া ওই ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। রিপোর্ট অনুযায়ী, ১৪৫ জন যাত্রী নিয়ে ফুকেত থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ারবাস A320 বিমানটি যখন ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল, তখন আচমকাই তার তিনটি হাইড্রোলিক সিস্টেম প্রায় একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়। এর জেরে অটোপাইলট বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি আকস্মিকভাবে প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে। এই ঝাঁকুনি ও উচ্চতার হঠাৎ পরিবর্তনে বিমানে থাকা ২৪ জন যাত্রী আহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ফ্লাইটটি উড্ডয়নের সময় সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু মাঝ আকাশে আচমকা হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় বড় বিপত্তি ঘটে। এর পরই তদন্তে নেমে পাইলট-ইন-কমান্ডের রক্তে মাদক বা সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। ডিজিসিএ (DGCA)-এর নির্দেশ ও প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া দ্রুততার সঙ্গে অভিযুক্ত পাইলটকে বরখাস্ত করার কথা ঘোষণা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *