পিএফ সংক্রান্ত পুরনো আইনি ঝামেলা থেকে মিলবে মুক্তি! EPFO-র ‘বিশ্বাস ২০২৬’ স্কিমে কমছে মোটা অঙ্কের পেনাল্টি

কোটি কোটি চাকরিজীবী ও নিয়োগকর্তাদের জন্য বড় স্বস্তি দিয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) নিয়ে এল ‘VISHWAS 2026’ স্কিম। প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (PF) সংক্রান্ত পুরনো আইনি ও আর্থিক বিবাদগুলি চিরতরে মেটানোর জন্যই এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এই নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, পিএফ জমাদানে সামান্য দেরির কারণে যে আকাশছোঁয়া পেনাল্টি বা জরিমানা দিতে হতো, তা থেকে যোগ্য কোম্পানি ও নিয়োগকর্তাদের বড়সড় ছাড় দেওয়া।
কী বলছে নতুন স্কিম? সাধারণত পিএফ জমা করতে দেরি হলে বার্ষিক ৩৭ শতাংশ পর্যন্ত চড়া হারে পেনাল্টি দিতে হতো, যা অনেক সংস্থার পক্ষেই বহন করা কঠিন হয়ে দাঁড়াত। কিন্তু ‘বিশ্বাস ২০২৬’ (VISHWAS 2026) প্রকল্পের আওতায় সেই পেনাল্টির হার নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে। নিয়মানুযায়ী—
-
PF জমা দিতে যদি ২ মাস পর্যন্ত দেরি হয়, তবে প্রতি মাসে মাত্র ০.২৫ শতাংশ হারে জরিমানা দিতে হবে।
-
২ থেকে ৪ মাসের দেরির ক্ষেত্রে এই হার হবে প্রতি মাসে ০.০৫ বা ০.৫০ শতাংশ।
-
৪ মাসের বেশি দেরির ক্ষেত্রে তা মাসিক ১ শতাংশ ধার্য করা হবে।
আবেদনের শেষ তারিখ ও নিয়ম: যে সমস্ত মামলায় ১৪ জুন ২০২৪-এর আগে পিএফ দিতে দেরি হয়েছিল, সেগুলি এই স্কিমের আওতাভুক্ত হবে। এর মধ্যে রয়েছে ট্রাইব্যুনাল বা আদালতে বিচারাধীন মামলা এবং পেনাল্টি অর্ডার সংক্রান্ত নানা বকেয়া কেস। এই স্কিমের সুবিধা নিতে হলে আগামী ২৮ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। EPFO জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পর এই ডেডলাইন বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।
বোম্বে, মাদ্রাজ ও কেরালা হাইকোর্টের মতো দেশের একাধিক উচ্চ আদালতও পুরনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই স্কিমটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। আগ্রহী নিয়োগকর্তারা প্রথমে বকেয়া সুদের টাকা মিটিয়ে EPFO-র এমপ্লয়র পোর্লালে অনলাইনে আবেদন করতে পারবেন। পোর্টালে সমস্ত হিসাব সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট করলে সংশ্লিষ্ট মামলার স্থায়ী সমাধান ও ডিজিটাল সেটেলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে।