চীনে বিরাট পুলিশি হানায় আটক ৫২ বিদেশি! এক ধাক্কায় গ্রেপ্তার সিঙ্গাপুরের বিশাল নাগরিক দল, নেপথ্যে কোন রহস্য?

চিনের মাটিতে বড়সড় অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন ৫২ জন বিদেশি নাগরিক। পিরামিড স্কিম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে চিনের গুয়াংজি প্রদেশ থেকে সিঙ্গাপুরের ৫২ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা স্বীকার করেছে সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্টমহলও।
সিঙ্গাপুরের পররাষ্ট্র বিষয়ক সেকেন্ড মিনিস্টার সিম অ্যান জানিয়েছেন, এই সমগ্র ঘটনার নেপথ্য তথ্য জানতে চিনের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে সিঙ্গাপুর প্রশাসন। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া ওই ৫২ জন নাগরিককে কনস্যুলার সহায়তাও প্রদান করা হচ্ছে। সিঙ্গাপুরের বেইজিং দূতাবাস ও গুয়াংজুর কনস্যুলেট-জেনারেলের প্রতিনিধিরা ইতিমধ্যে আটক ব্যক্তিদের সঙ্গে তিনবার দেখা করে তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
অন্য দেশের বিচারিক প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ না করার নীতি স্পষ্ট করলেও নিজেদের নাগরিকদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে ঠিক কোন ধরনের বেআইনি কর্মকাণ্ড বা আর্থিক জালিয়াতির সঙ্গে ওই ব্যক্তিরা যুক্ত ছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পরেই দেশের নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে সিঙ্গাপুর সরকার। যেকোনো ধরনের ব্যবসা বা বিনিয়োগ পরিকল্পনায় অংশ নেওয়ার আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব প্রকল্পে নতুন সদস্য যোগ করা, শুরুতে বড় অঙ্কের টাকা জমা নেওয়া কিংবা অস্বাভাবিক বেশি মুনাফার লোভ দেখানো হয়, সেগুলির ক্ষেত্রে জনসাধারণকে আরও বেশি সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই প্রসঙ্গে স্পষ্ট করে জানিয়েছেন যে, চিনের মাটিতে বিদেশি নাগরিকদের সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত এবং বিচারকার্য সম্পূর্ণ আইনি নিয়ম মেনে পরিচালনা করা হয়। পাশাপাশি, আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির বৈধ অধিকার এবং সুরক্ষাও সুনিশ্চিত করা হয়।