New Traffic Rules: সামান্য জরিমানা দিলেই পার? ট্রাফিক নিয়ম ভাঙলে এবার সরাসরি বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স!

লাল বাতি জ্বলছে তো কী হয়েছে, সামান্য কিছু টাকা ফাইন দিলেই কেল্লাফতে! ট্রাফিক আইন ভাঙার এই চেনা অভ্যাসে এবার ইতি টানতে চলেছে কেন্দ্র। আপনিও যদি ট্রাফিকের চোখকে ফাঁকি দিয়ে সিগন্যাল ভাঙা বা জেব্রা ক্রসিং পার করার কথা ভেবে থাকেন, তবে এখনই সাবধান হন। কারণ খুব শীঘ্রই আমূল বদলাতে চলেছে দেশের ট্রাফিক নিয়ম। এবার থেকে বারবার ট্রাফিক আইন ভাঙলে কেবল জরিমানা নয়, সোজা বাতিল হয়ে যেতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স!

কী বলছে কেন্দ্রীয় মন্ত্রকের নতুন প্রস্তাব?

সম্প্রতি সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারার্সের ৬৬তম বার্ষিক সম্মেলনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে একটি অভিনব ‘গ্রেডেড পয়েন্ট সিস্টেম’ (Graded Point System) আনার পরিকল্পনা করছে। এই প্রস্তাব অনুযায়ী, ট্রাফিক আইন লঙ্ঘনের মাত্রা অনুযায়ী লাইসেন্স সাসপেনশন কিংবা তা সম্পূর্ণ বাতিল পর্যন্ত করা হতে পারে।

কীভাবে কাজ করবে এই নতুন পয়েন্ট সিস্টেম?

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিশেষ মেকানিজম তৈরি করা হচ্ছে যেখানে ট্রাফিক আইন ভাঙলেই তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে আপনার ড্রাইভিং লাইসেন্সের রেকর্ডে।

  • প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রতিবার ট্রাফিক আইন লঙ্ঘন করলেই লাইসেন্স থেকে পয়েন্ট মাইনাস বা কাটা হবে।

  • নিয়ম ভাঙার ফ্রিকোয়েন্সি যখন একটি নির্দিষ্ট সীমা পার করে যাবে, তখনই চালকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • এর জেরে লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড বা পাকাপাকিভাবে বাতিল করা হতে পারে।

আইন মানলে মিলবে দারুণ পুরস্কারও!

তবে শুধু শাস্তির ব্যবস্থা নয়, ভালো চালকদের জন্য থাকছে আকর্ষক রিওয়ার্ডের ব্যবস্থাও। যারা নিয়ম মেনে সাবধানে গাড়ি চালাবেন, তাঁদের জন্য থাকবে ‘পজিটিভ মার্কিং’। প্রস্তাবনায় বলা হয়েছে, যাঁদের ড্রাইভিং রেকর্ড এবং পয়েন্ট ভালো থাকবে, তাঁরা গাড়ি বা বাইকের বিমা (Insurance) কোম্পানিগুলির কাছ থেকে বিশেষ ছাড় ও সুবিধা পেতে পারেন।

পাশাপাশি, দেশের বিভিন্ন রাজ্যে বাইক ট্যাক্সি নিষিদ্ধ থাকলেও এই বিষয়ে নিজের জোরালো সওয়াল পেশ করেছেন নিতিন গড়করী। তাঁর মতে, প্রাইভেট বাইক চালকদের বাইক ট্যাক্সি চালানোর অনুমতি দেওয়া উচিত, যা দেশে প্রায় আট কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং রাজ্য সরকারগুলির এই বিষয়ে নতুন করে ভাবা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *