শিক্ষার বেসরকারিকরণ ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে গর্জে উঠল বাম ছাত্র সংগঠন! ১৫ সেপ্টেম্বর বড় আন্দোলনের ডাক!

সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের বদলে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে—এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হলো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি সরকার ও নীতিগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির সভাপতি মহম্মদ হাসিব। শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ এবং সাম্প্রদায়িকীকরণের পথ প্রশস্ত করার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন বাম ছাত্র নেতারা।
এসএফআই নেতার বিস্ফোরক অভিযোগ ও প্রশ্ন
মহম্মদ হাসিব প্রশ্ন তোলেন, সরকারি স্কুলের পরিবর্তে গরিব পরিবারের সন্তানরা যদি আরএসএস পরিচালিত স্কুলে পড়াশোনা করে, তবে তারা কি আদৌ সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান জানাতে শেখার সুযোগ পাবে? তাঁর দাবি, এই সমস্ত প্রতিষ্ঠানে দেশ বিরোধিতার পাঠ দেওয়া হয়। পাশাপাশি, মিশনারি স্কুলগুলির ওপর আক্রমণ এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কমানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এসএফআইয়ের দাবি, রাজ্যজুড়ে ইতিমধ্যেই হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। অথচ শিক্ষক সঙ্কট দূর করে সেগুলিকে পুনরুজীবিত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উল্টে আরএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন।
১৫ সেপ্টেম্বর বামেদের ‘মহা মিছিল’
শিক্ষার বেসরকারিকরণ, স্কুল বন্ধের চক্রান্ত ও শূন্যপদে কর্মসংস্থানের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতার তিনটি আলাদা জায়গা থেকে ‘মহা মিছিল’-এর ডাক দিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। কলেজ স্কোয়ার, বেহালা ও বড়তলা থেকে এই মিছিল সংগঠিত করা হবে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক শ্রীজিব গোস্বামী। শিক্ষা বাঁচাতে এবং ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে যুবসমাজকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি।