Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই বিশ্বরেকর্ড! বৈভবের কেরিয়ার নিয়ে কোন বিরাট পরামর্শ দিলেন সচিন?

বয়স মাত্র ১৫ বছর। এই অল্প বয়সেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শুরুটা কিছুটা নড়বড়ে হলেও, জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অফ দ্য সিরিজ হয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে, সেই বৈভবকে ঘিরেই এবার বড়সড় পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
সচিনের পথ অনুসরণের পরামর্শ
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটারদের ক্ষেত্রে বোর্ড অত্যন্ত সতর্ক। এই প্রসঙ্গে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে বলেন, “আমরা চাই বৈভব বা তার মতো প্রতিভাবান যে কোনো ক্রিকেটার যেন সচিন তেন্ডুলকর যেভাবে দেশের হয়ে খেলেছেন এবং যে পথ অবলম্বন করে কিংবদন্তি হয়ে উঠেছেন, সেই পথই অনুসরণ করে।” বোর্ডের কড়া নজর রয়েছে বৈভবের প্রতিটি পদক্ষেপের ওপর।
হারিয়ে যেতে দেবে না বোর্ড
মাত্র কয়েকটা ম্যাচ খেলে বা সিরিজ খেলে যেন এই তরুণ প্রতিভা হারিয়ে না যায়, সে বিষয়ে বিশেষ সতর্ক রয়েছে বিসিসিআই। বৈভবের পাশাপাশি এমন আরও ১০ থেকে ১৫ জন উঠতি ক্রিকেটারের ওপর সেন্ট্রাল অফ এক্সিলেন্সের মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে তাঁদের অনুশীলন এবং সামগ্রিক দক্ষতার বিকাশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক হিসেবে বৈভবের খেলার কথা রয়েছে। তবে ঠিক তার পরেই রয়েছে আফগানিস্তান সিরিজ। ফাইনাল ম্যাচে বৈভব আদৌ নামবেন কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ গৌতম গম্ভীর।