রান্নার হলুদেই কি বিষ খাচ্ছেন? বাজারচলতি ভেজাল এড়িয়ে ঘরেই বানান খাঁটি হলুদ গুঁড়ো

হলুদ গুঁড়ো ছাড়া আমাদের রান্নাঘরের কথা ভাবাই যায় না। ডাল থেকে তরকারি, সুন্দর রং এবং স্বাদের জন্য এক চিমটে হলুদ প্রায় রোজই ব্যবহার করা হয়। তাছাড়া কাটা-ছেঁড়া বা সর্দিকাশিতে এই ভেষজ উপাদানের কার্যকারিতার কথাও সকলের জানা। তবে রান্নার সময় যে প্যাকেটজাত হলুদ আপনি কড়াইয়ে দিচ্ছেন, তা কি আদৌ খাঁটি? নাকি রোজ খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করছে মারাত্মক সব রাসায়নিক?

সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় এক উদ্বেগের চিত্র উঠে এসেছে। বাজারচলতি হলুদ গুঁড়োয় দেদার মেশানো হচ্ছে খড়িমাটি, স্টার্চ এবং হলুদ মাটি। এখানেই শেষ নয়, হলুদের রঙে চকচকে ভাব আনতে ব্যবহার করা হচ্ছে লেড ক্রোমেট ও মেটানিল ইয়েলোর মতো অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক। এই উপাদানগুলো নিয়মিত শরীরে প্রবেশ করলে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী পেটের রোগও। বাজারের হলুদ নিয়ে এই সংশয়ে না ভুগে ঘরেই তা তৈরি করে নেওয়া সবচেয়ে নিরাপদ। সামান্য একটু সময় দিলেই বানিয়ে নেওয়া সম্ভব সম্পূর্ণ খাঁটি মশলা।

খাঁটি হলুদ গুঁড়ো তৈরির সহজ উপায়

হলুদ পরিষ্কার করা: বাজার থেকে ভালো মানের গোটা কাঁচা হলুদ কিনে আনুন। প্রথমে সেগুলো হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে সমস্ত ময়লা ও কাদা ধুয়ে ফেলুন।

কুচিয়ে নেওয়া: গোটা ও শক্ত হলুদ মিক্সিতে সহজে গুঁড়ো হতে চায় না। তাই পরিষ্কার করা হলুদ আলুর চিপসের মতো পাতলা করে কেটে বা গ্রেট করে নিন। টুকরো যত পাতলা হবে, শুকোবেও তত তাড়াতাড়ি।

শুকিয়ে নেওয়া: ছাদে বা রোদে পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে হলুদের টুকরোগুলি ছড়িয়ে দিন। অন্তত তিন থেকে পাঁচ দিন চড়া রোদে শুকিয়ে নিতে হবে, যাতে টুকরোগুলো একদম মচমচে হয়ে যায়। তাড়াহুড়ো থাকলে এয়ার ফ্রায়ারে তিন ঘণ্টা রেখেও এটি শুকিয়ে নিতে পারেন।

গুঁড়ো করা: টুকরোগুলি হাতে চাপ দিলে যদি মট করে ভেঙে যায়, তবে বুঝতে হবে তা গুঁড়ো করার উপযোগী। এবার মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে দিয়ে কয়েক ধাপে ঘুরিয়ে নিন।

সবশেষে একটি চালনি দিয়ে গুঁড়ো ভালো করে চেলে নিয়ে কাচের বা এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করুন। খেয়াল রাখবেন যাতে পাত্রে কোনোভাবেই ভেজা হাত বা চামচ না পড়ে। সামান্য এই কৌশলেই সারা বছর নিশ্চিন্তে পাবেন খাঁটি, সুগন্ধী ও নিরাপদ হলুদ গুঁড়ো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *