টাটাকে সোজা আঙুল কেনিয়ার প্রেসিডেন্টের! “আমরা কি ক্রীতদাস?”— হুংকার দিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার কড়া নির্দেশ!

আন্তর্জাতিক ব্যবসাক্ষেত্রে বড়সড় বিপাকে পড়ল দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা (TATA Group)। কেনিয়া থেকে টাটা কেমিক্যালসকে অবিলম্বে ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ সেদেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। শুধু তাই নয়, টাটার কাজকর্ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “আমরা কি ক্রীতদাস?”
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, কেনিয়ার প্রেসিডেন্টের মতে, দীর্ঘ শতবর্ষ ধরে ব্যবসা চালালেও দেশের অর্থনীতি বা স্থানীয় স্তরে শিল্পসক্ষমতা বাড়াতে কোনও ইতিবাচক ভূমিকা পালন করেনি টাটা। কাজিয়াদোয় তাদের কারখানা বা কার্যক্রমে দেশ উপকৃত হয়নি বলেই অভিযোগ। প্রেসিডেন্টের সাফ কথা, টাটার পরিবর্তে এবার অন্যান্য সংস্থাকে বড় বড় কাচের ও রাসায়নিক কারখানা গড়ার দায়িত্ব দেওয়া হবে।
প্রসঙ্গত, কেনিয়ায় টাটা কেমিক্যালসের ‘Magadi Soda’ কারখানাটি সোডিয়াম কার্বনেট তৈরি করে, যা শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক। তবে স্থানীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই এই কারখানা এবং সোডিয়াম কার্বনেট রফতানি নিয়ে টানাপোড়েন চলছিল। কেনিয়ার প্রেসিডেন্টের এই হঠকারী ও কড়া পদক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা খেল ভারতীয় শিল্পমহল। এই বিষয়ে এখনও পর্যন্ত টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।