স্কুলছুট হওয়া রোধে বিরাট সুযোগ! কেন্দ্র সরকারের এই স্কলারশিপে মিলবে ১২ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন?

আর্থিক অনটনের কারণে মাঝপথেই বহু মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ঝরে পড়া এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনা টিকিয়ে রাখতে এবং তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে দিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক স্কলারশিপ বা বৃত্তি চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো ‘ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ’ (National Means Cum Merit Scholarship)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। তাই ইচ্ছুক ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্য ও সুবিধা:
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের অধীন পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো, দেশের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণির পর স্কুলছুট হওয়া রোধ করা এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ জোগানো। সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের আওতায় নির্বাচিত যোগ্য ছাত্রছাত্রীদের প্রতি বছর ১২ হাজার টাকা করে আর্থিক বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা:
১. এই স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ ৩.৫০ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
২. সপ্তম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে তফশিলি জাতি (SC) ও উপজাতি (ST) ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নম্বরের যোগ্যতায় ৫ শতাংশ ছাড়ের সংস্থান রয়েছে।
প্রতি বছর নবম শ্রেণির প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দেওয়া হয়। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্ধারিত বৃত্তি নির্বাচন পরীক্ষায় পাশ করার পর এই বৃত্তি মিল, যা নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ভালো ফলাফলের ওপর ভিত্তি করে রিনিউ করা যায়।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য পড়ুয়ারা সেন্ট্রাল স্কলারশিপ পোর্টালের (NSP) মাধ্যমে অনলাইনে এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আবেদন জমা পড়ার পর প্রথমে ইনস্টিটিউট নোডাল অফিসার এবং পরবর্তীতে জেলা নোডাল অফিসারের স্তরে তা যাচাই করা হয়। অর্থের অভাবে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অসমাপ্ত না থাকে, তার জন্য সময়সীমা শেষ হওয়ার আগেই দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।