ঝালমুড়ির দাম ৩৯৫ টাকা! মৌনি রায় থেকে শিল্পা শেট্টি, তারকাদের বিলাসবহুল রেস্তোরাঁগুলির মেনু দেখলে চোখ কপালে উঠবে!

শুধুমাত্র রুপোলি পর্দার অভিনয় বা গ্ল্যামার দুনিয়ার আয়েই জীবন চলে না আজকালকার তারকাদের। নিজেদের তারকা ইমেজের সুবাদে বলিউডের বহু খ্যাতনামা তারকা এখন সফলভাবে পা রেখেছেন ব্যবসার দুনিয়ায়। কেউ নিজস্ব পোশাকের ব্র্যান্ড খুলেছেন, তো কেউ আবার কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন রেস্তোরাঁ ব্যবসায়। তবে এই সমস্ত তারকাদের বিলাসবহুল ও হাই-প্রোফাইল রেস্তোরাঁর খাবারের মেনু এবং তার আকাশছোঁয়া দাম মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। সম্প্রতি সলমন খানের বোন অর্পিতা খান শর্মা থেকে শুরু করে মৌনি রায় ও শিল্পা শেট্টির রেস্তোরাঁর খাবারের দাম দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
মৌনি রায়ের ‘বদমাশ’ রেস্তোরাঁ ও চমকে দেওয়া মেনু
বেঙ্গালুরুর সারজাপুর এবং মুম্বইয়ের আন্ধেরি সহ দেশের বিভিন্ন শহরে বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়ের ‘বদমাশ’ (Badmaash) রেস্তোরাঁর মোট ছয়টিরও বেশি শাখা রয়েছে। এখানকার বেশিরভাগ খাবারের দাম সাধারণত ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে ঘোরাফেরা করলেও, কিছু পদের দাম শুনলে যে কারও মাথা ঘুরে যেতে পারে।
ভাইরাল হওয়া মেনু কার্ড অনুযায়ী, এই রেস্তোরাঁয় সাধারণ ঝালমুড়ির দাম রাখা হয়েছে ৩৯৫ টাকা! ফিউশন ফুডের অন্যতম আকর্ষণ ‘অ্যাভোকাডো ভেল’ (Avocado Bhel)—যা মূলত ঝালমুড়ি ও অ্যাভোকাডোর এক অদ্ভুত সংমিশ্রণ—তার দামও ৩৯৫ টাকা। এমনকি বাঙালির পরিচিত স্ন্যাক্স পেঁয়াজিও এখানে বিকোয় ৩৫৫ টাকায়। পাশাপাশি, তন্দুরি রুটির দাম ১০৫ টাকা এবং নানের দাম ১১৫ টাকা। ডেজার্ট বা মিষ্টিপ্রেমীদের জন্য ক্লাসিক শাহি টুকরা কিংবা গুলাব জামুনের পিস প্রতি দাম রাখা হয়েছে ৪১০ টাকা করে।
শিল্পা শেট্টির ‘বাস্তিয়ান’-এর চোখ কপালে তোলা বিল
তালিকায় পিছিয়ে নেই শিল্পা শেট্টির মুম্বইয়ের নামী রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ (Bastian)। শহরের অনতম ‘এ লিস্টার’ বা হাই-প্রোফাইল রেস্তোরাঁগুলির মধ্যে এটি অন্যতম। সম্প্রতি এই রেস্তোরাঁর কিছু পদের দাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা।
চা: এক কাপ জুঁই ফুলের ভেষজ চায়ের দাম রাখা হয়েছে ৯২০ টাকা।
নুদলস ও টোস্ট: চিলি গার্লিক নুডলসের দাম ৬৭৫ টাকা এবং এক পিস অ্যাভোকাডো টোস্টের দাম ৮০০ টাকা।
সালাড ও ওয়াইন: বুর্যাটা সালাডের দাম ১০৫০ টাকা। তবে সবচেয়ে বেশি চমকে দেয় পানীয়ের দাম—এখানে এক বোতল ফরাসি ওয়াইন কিনতে খরচ করতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা!
সম্প্রতি বিশিষ্ট লেখিকা শোভা দে জানান, বাস্তিয়ানে নিয়মিত দেশের হাই-প্রোফাইল ব্যক্তিরা খাবার খেতে আসেন। আর এই বিলাসবহুল রেস্তোরাঁটির শুধুমাত্র এক রাতেরই গড় আয় প্রায় ২ থেকে ৩ কোটি টাকা! তারকার নামের জৌলুস আর রাজকীয় পরিবেশের টানে সাধারণ মানুষ থেকে অভিজাত শ্রেণি—সবাই একবার অন্তত এই রেস্তোরাঁগুলিতে ভিড় জমাচ্ছেন।