সবচেয়ে বড় স্কোর তুলেও হার! রাহুল দ্রাবিড় ও অশ্বিনের দলে এ কী কহতব্য দশা?

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিক হিসেবে রূপকথার মতো শুরু হয়নি কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ETPL)-এর প্রথম মরশুমে দ্রাবিড়ের কেনা দল ‘ডাবলিন গার্ডিয়ন্স’ যেন গভীর সংকটে পড়েছে। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অধিনায়কত্ব এবং মেন্টরশিপের পরেও এখনও পর্যন্ত প্রতিযোগিতায় একটিও জয়ের মুখ দেখেনি দলটি। টানা চার ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে তারা।
সবচেয়ে বড় স্কোর করেও রক্ষা মিলল না: নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ১০ম ম্যাচে রটারডাম ডকার্সের মুখোমুখি হয়েছিল ডাবলিন। আগের ম্যাচগুলির ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে এই ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছিল দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে তারা, যা এই টুর্নামেন্টে ডাবলিনের ইতিহাসের সর্বোচ্চ স্কোর।
দলের হয়ে ওপেনিংয়ে নামা ইংলিশ ব্যাটার জেমস ভিন্স মাত্র ৫৪ বলে ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এবং সামান্যের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। এছাড়া শেষ মুহূর্তে বিজয় শঙ্কর মাত্র ১৩ বলে ঝোড়ো ২৬ রান করে স্কোরকে বড় করতে সাহায্য করেন।
ডু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ডাবলিন: বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রটারডাম অধিনায়ক ফাফ ডু প্লেসি ডাবলিন বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন। তিনি মাত্র ৫১ বলে ৭৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। পাশাপাশি ওপেনার মাইকেল লেভিট মাত্র ১৪ বলে দ্রুত ৩৫ রান যোগ করেন।
ডাবলিন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন বল হাতে দারুণ পারফরম্যান্স করে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ফাফ ডু প্লেসির উইকেট তুলে নিলেও বাকি বোলাররা ব্যর্থ হন। ফলে ১৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রটারডাম। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রটারডাম, আর অন্যদিকে হ্যাটট্রিক সহ টানা চার পরাজয়ে বিধ্বস্ত ডাবলিন গার্ডিয়ন্স পড়ে রয়েছে একেবারে শেষ স্থানে।