ফলতায় অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে বড় ধাক্কা! অস্থায়ী কাঠামো সরাতে কড়া নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের নামে গড়ে ওঠা অস্থায়ী নির্মাণ বা ছাউনি অবিলম্বে সরিয়ে ফেলার জন্য রাজ্যকে মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই কাঠামো অপসারণের সমস্ত খরচও বহন করতে হবে তৃণমূল দলকে।
কী মামলা এবং আদালতের নির্দেশ? স্থানীয় বাসিন্দা তথা আইনজীবী আমিনুদ্দিন খানের দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এই শুনানি হয়। মামলার অভিযোগে জানানো হয়েছিল, ফলতা বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ ও পার্ক দখল করে মেডিক্যাল ক্যাম্পের নামে এই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বর মাসে শেষ ক্যাম্প হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টিনের শেড বা কাঠামো সরানো হয়নি। এর ফলে এলাকার সাধারণ মানুষ ও স্কুলপড়ুয়ারা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন।
শুনানিপর্বে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেন, অবিলম্বে ওই অবৈধ কাঠামো সরিয়ে ফেলতে হবে। এই কাজ করার জন্য পুলিশ প্রশাসনকে কাজে লাগানোর কথা বলার পাশাপাশি আদালত জানিয়ে দেয় যে, এই জবরদখল ও নির্মাণ ভাঙার যাবতীয় খরচ সংশ্লিষ্ট দলকেই মেটাতে হবে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।