সারারাত চার্জে বসালেই কি শেষ ফোন? ব্যাটারির আয়ু বাঁচাতে এই ৫ ভুল ভুলেও করবেন না

স্মার্টফোন ছাড়া বর্তমানের এক মুহূর্তও চলা অসম্ভব। কথা বলা থেকে শুরু করে ব্যাঙ্কিং বা বিনোদন— দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের ভরসা এই ডিভাইসটি। কিন্তু প্রতিদিন ব্যবহার করার পরেও আমরা অনেকেই ফোন চার্জ দেওয়ার সময় এমন কিছু সাধারণ ভুল করে ফেলি, যা অজান্তেই ফোনের আয়ু কমিয়ে দেয়। শুধু তা-ই নয়, বড়সড় বিপদের ঝুঁকিও তৈরি হয়।

চার্জিং কেবল খোলার সময় অনেকেই তার ধরে হ্যাঁচকা টান দেন। এই অভ্যাসটি অত্যন্ত বিপজ্জনক। এভাবে টানলে কেবলের ভেতরের সূক্ষ্ম তার ছিঁড়ে যেতে পারে কিংবা ফোনের চার্জিং পোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সব সময় কেবলের প্লাস্টিক বা মেটালের অংশটি ধরে আলতো করে তা প্লাগ থেকে আলাদা করা উচিত। কেবলের কোনো অংশ ফেটে গেলে বা বেরিয়ে এলে তা অবিলম্বে বদলানো দরকার, কারণ ক্ষতিগ্রস্ত তার ফোনকে অতিরিক্ত গরম করে তুলতে পারে।

শুধু ফোন থেকে নয়, সুইচবোর্ড বা সকেট থেকে অ্যাডাপ্টার খোলার সময়ও তার ধরে টানা থেকে বিরত থাকুন। হাত দিয়ে অ্যাডাপ্টারটি শক্ত করে ধরে তবেই তা সকেট থেকে টানুন। এছাড়া ব্যাটারি পুরোপুরি শূন্য শতাংশে নেমে যাওয়া বা প্রতিবার ১০০ শতাংশ পর্যন্ত ফুল চার্জ দেওয়ার প্রয়োজন নেই। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে তা সবসময় ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা সবচেয়ে আদর্শ।

অনেকেরই অভ্যাস থাকে সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখার। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে তার কার্যক্ষমতা দ্রুত হারিয়ে ফেলে। চার্জ দেওয়ার সময় ফোনের মোটা কভার বা কেস খুলে রাখাই শ্রেয়, যাতে তাপ সহজে বেরিয়ে যেতে পারে। কোনো অবস্থাতেই বাজারের সস্তা বা নকল চার্জার ব্যবহার করা উচিত নয়। সবসময় ফোনের সঙ্গে দেওয়া আসল বা অনুমোদিত ব্র্যান্ডের চার্জারই ব্যবহার করা বাঞ্ছনীয়। এছাড়া চার্জিং চলাকালীন গেম খেলা বা দীর্ঘক্ষণ ভিডিও দেখা থেকে বিরত থাকুন, এবং সরাসরি রোদের মধ্যে কিংবা বালিশের নিচে ফোন রেখে চার্জ দেবেন না। এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললেই আপনার প্রিয় স্মার্টফোনটি দীর্ঘদিন সুরক্ষিত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *