চাকরি হারাচ্ছেন ৩৩০০ জন! এক ধাক্কায় কর্মীসংখ্যা কমাল উবর, নেপথ্যের আসল কারণ কী?

সংগঠনকে আরও চটপটে ও গতিশীল করে তুলতে বিশ্বজুড়ে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা উবর (Uber)। এর ফলে বিশ্বব্যাপী প্রায় ৩৩০০ কর্মী চাকরি হারাতে চলেছেন, যা ২০২০ সালের করোনা অতিমারির পর সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই অভিযান।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধির ফলে উবরের সাংগঠনিক কাঠামো অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এর ফলে সঠিক সিদ্ধান্ত নিতে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে এবং বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হচ্ছে। ম্যানেজমেন্টের অপ্রয়োজনীয় স্তরগুলো কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দ্রুত করা এবং খরচ কমানোই এই পুনর্গঠনের প্রধান উদ্দেশ্য। সিইও দারা খোসরোশাহি কর্মীদের পাঠানো এক বার্তায় স্পষ্ট করেছেন যে, এই ছাঁটাই সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নয়, বরং সংস্থার কাঠামোকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছরের শেষের হিসাব অনুযায়ী, উবরের বিশ্বব্যাপী মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৩৪,০০০। নতুন পরিকল্পনা অনুযায়ী, সিইও-র থেকে সাত বা তার বেশি স্তর নিচে থাকা কর্মীদের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমানো হবে। পাশাপাশি, যেসব ছোট টিমে মাত্র এক বা দু’জন কর্মী সরাসরি রিপোর্ট করেন, সেগুলির সংখ্যাও প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে। সাশ্রয় হওয়া এই অর্থ পরবর্তীতে সংস্থার ভবিষ্যৎ বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন প্রযুক্তির গবেষণায় বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে উবর কতৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *