নোবিজয়ীদের মতো রেকি করে ফ্ল্যাটে হানা! প্রেমিক-সহ গ্রেফতার গ্যাংয়ের মাস্টারমাইন্ড যুবতী

ব্যবসার মার খেয়ে বিলাসবহুল জীবনযাত্রার খরচ জোগাতে অপরাধের দুনিয়ায় পা রাখার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশের নয়ডায় ক্যাফে ব্যবসায় বড়সড় লোকসানের মুখে পড়ে শৌখিনতা বজায় রাখতে চুরির পথ বেছে নিয়েছিল এক লিভ-ইন দম্পতি। শেষ পর্যন্ত পুলিশি জালে ধরা পড়ে গিয়েছে এই হাইপ্রোফাইল চোর গ্যাংয়ের মূল পাণ্ডারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দীবাকর ও সোনালী নামে ওই জুটি এর আগে গাজিয়াবাদ এবং পরে নয়ডায় ক্যাফে চালাত। কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ায় ক্যাফে বন্ধ হয়ে যায়। এরপর নিজেদের খরচের বহর বজায় রাখতে তারা অভিনব ফন্দি আঁটে। সোনাদীর নেতৃত্বে এই গ্যাংটি শহরের বিভিন্ন হাইরাইজ সোসাইটি এবং অভিজাত এলাকার বন্ধ ফ্ল্যাটগুলির রেকি করত। সুযোগ বুঝে দিনের আলোতেই তারা তালা ভেঙে নগদ টাকা, সোনাদানা, ল্যাপটপ ও দামি মোবাইল হাতিয়ে নিত। আশ্চর্যের বিষয় হলো, দিনের বেলায় চুরি করে সেই টাকা দিয়ে রাতে শহরের নামী বার ও রেস্তরাঁগুলোতে বিলাসবহুল পার্টি করত তারা।
নয়ডার সেক্টর-113 থানা পুলিশ অভিযান চালিয়ে এই গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকার বেশি নগদ সহ প্রচুর চোরাই মাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।