ভারতের সমুদ্র তলদেশে নতুন প্রজাতির দানবাকৃতি মাছ! নাম দেওয়া হলো বাঙালি বিজ্ঞানীর সম্মানার্থে

ভারতের সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরের গভীর সমুদ্র থেকে সম্পূর্ণ নতুন এক প্রজাতির স্কেট মাছের সন্ধান পেয়েছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)-এর বিজ্ঞানীরা। নতুন এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘Dipturus dhritiae’ এবং এটি ‘Arabian Skate’ নামেও পরিচিত। বিশেষ বিষয় হলো, ZSI-এর প্রথম মহিলা অধিকর্তা বঙ্গতনয়া ড. ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই নতুন প্রজাতিটির নামকরণ করা হয়েছে তাঁরই সম্মানে।
পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের ‘ডিপ ওসান মিশন’-এর (Deep Ocean Mission) আওতায় চলা ‘Deep-Sea Chondrichthyans of India’ প্রকল্পের গবেষণা চলাকালীন কেরল উপকূলের ৪২০ থেকে ৬০০ মিটার গভীর জল থেকে এই স্কেট মাছ সংগ্রহ করা হয়। এই গবেষণায় ZSI-এর পাশাপাশি সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (CMFRI) এবং আন্তর্জাতিক গবেষকরাও যৌথভাবে যুক্ত ছিলেন।
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ‘Dipturus dhritiae’ প্রজাতিটির দৈর্ঘ্য ১৩১.৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এর লেজ বরাবর পাঁচটি স্বতন্ত্র কাঁটার সারি রয়েছে, যা একে অন্যান্য প্রজাতি থেকে আলাদা করে। তবে গবেষকদের দাবি, গত চার দশক ধরে এই মাছটিকে ভুলবশত অন্য একটি প্রজাতি বলে মনে করা হতো এবং বাণিজ্যিক ট্রলারে এটি প্রায়শই অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ত। জিনগত বিশ্লেষণেও এর স্বাতন্ত্র্য প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গভীর সমুদ্রের এই ধরনের হাঙর ও রে-জাতীয় প্রাণীদের প্রজনন ক্ষমতা কম থাকায় তাদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এই নতুন আবিষ্কার ভারতের জলসীমায় সামুদ্রিক জীববৈচিত্র্যের অজানা অধ্যায়কে আরও সমৃদ্ধ করল।