মা ভেন্টিলেশনে, ৫০ দিন জেলে থাকার পর বড় স্বস্তি পেলেন সিপিআইএম নেতা লাহেক আলি!

বারুইপুর ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলিকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিগত ৫০ দিন ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। এই পরিস্থিতিতে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশন সাপোর্টে থাকায়, তাঁর আইনজীবী জামিনের জোরালো আবেদন জানান।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাহেক আলির জামিন মঞ্জুর করেছেন। শুনানির সময় বিচারপতি রাজ্যের কৌঁসুলির কাছে ওই নেতার বিরুদ্ধে করা উস্কানিমূলক মন্তব্যের সুনির্দিষ্ট প্রমান বা ভিত্তি জানতে চান। রাজ্যের পক্ষ থেকে এই মুহূর্তে সঠিক তথ্য পেশ করা না যাওয়ায় এবং নেতার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে আদালত এই অন্তর্বর্তীকালীন স্বস্তি দেয়।

জামিনের শর্ত হিসেবে জানানো হয়েছে যে, এই নির্দিষ্ট সময়ে তিনি এলাকার বাইরে যেতে পারবেন না এবং বারুইপুর থানা জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সেদিনই পুলিশকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *