মৃত্যুর সঙ্গে লড়ছেন পর্দার ‘সাইবাবা’! হাসপাতালের লাখ লাখ টাকার বিল মেটাতে গিয়ে দিশেহারা পরিবারকে বাঁচাতে কে এলেন?

‘শিরডি কে সাইবাবা’ ছবির সেই শান্ত ও মায়াবী মুখটি মনে আছে? পর্দায় যাঁকে দেখলেই কোটি কোটি মানুষ শ্রদ্ধায় হাত জোড় করতেন, বাস্তবের জীবনে সেই প্রবীণ অভিনেতা সুধীর ডালভিকে এখন লড়তে হচ্ছে মৃত্যুর সঙ্গে। শুধু তাই নয়, হাসপাতালের লাখ লাখ টাকার বিল মেটাতে গিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল তাঁর পরিবার। আর ঠিক সেই চরম সংকটময় মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে এলেন বলিউডের তিন শীর্ষ তারকা—অক্ষয় কুমার, রণবীর কাপুর এবং কার্তিক আরিয়ান।
গত অক্টোবর মাসে রক্তে মারাত্মক বিষক্রিয়া বা সেপসিসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুধীর ডালভি। সংক্রমণ তাঁর শরীরে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেন তিনি। দীর্ঘদিন তাঁকে আইসিইউ-তে লড়াই করতে হয়। চিকিৎসার খরচ প্রথমে ১০ লাখ ছুঁলেও তা দ্রুত আকাশছোঁয়া অঙ্কে গিয়ে পৌঁছায়। তখনই এই শিল্পীর অসহায় অবস্থার কথা চাউর হয়ে যায় গোটা বলিউডে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সুহাস ডালভি সেই কঠিন দিনগুলোর কথা শেয়ার করেছেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “উনি এখন বাড়িতে ফিরেছেন। এখনও ওয়াকারের সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছে এবং ওঁর মানসিক স্থিতি কিছুটা এলোমেলো। তবে বাড়ি ফিরতে পেরে উনি খুব খুশি। হাসপাতাল শুধু খরচসাপেক্ষই ছিল না, ওই পরিবেশটাও একজন রোগীর জন্য ভীষণ ভীতিজনক ছিল।”
বিপদের দিনে বলিউডের সহযোগিতার কথা স্মরণ করে তিনি আরও জানান, আর্থিক অনটনের খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। কার্তিক আরিয়ান, রণবীর কাপুর এবং অক্ষয় কুমার সবার প্রথমে পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি, শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টও অভিনেতার চিকিৎসায় প্রায় ১১ লাখ টাকা সাহায্য করে। সাধারণ সাই-ভক্ত থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষের এই ভালোবাসাই বৃদ্ধ দম্পতিকে লড়াই করার শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।