ইরানকে মুছে দেওয়ার চরম হুঁশিয়ারি ট্রাম্পের! মার্কিন হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালী কার দখলে?

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আবারও চরম আকার ধারণ করেছে। মার্কিন সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পাল্টা জবাব হিসেবে ইরানে জোরালো বিমান হানা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পরেই এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছে। এই পরিস্থিতির মাঝেই তেহরানকে কার্যত ধ্বংস করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলিতে মার্কিন বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। ওই জলপথে ইরান সমুদ্রের তলদেশে ‘সি মাইন’ বা মারণ মাইন পাতার চেষ্টা করলেও মার্কিন বাহিনী তা নিষ্ক্রিয় করে দিয়েছে। ট্রাম্পের দাবি, জর্ডনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া আটটি মিসাইলও মাঝপথেই সফলভাবে ধ্বংস করা হয়েছে।

এই ঘটনার পরই ইরানকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ইরান যদি এই ন্যায্য মার্কিন আক্রমণের পাল্টা কোনো হামলা চালায়, তবে তাদের উপর আরও ভয়ংকর আঘাত নেমে আসবে। তাঁর হুশিয়ারি, পরবর্তী আক্রমণ এতটাই বিধ্বংসী হবে যে যুদ্ধের শেষে ইসলামিক রিপাবলিক অফ ইরানের খুব সামান্য অংশই অবশিষ্ট থাকবে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন রণক্ষেত্রের জেরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *