শিকারি থেকে বন্যপ্রাণী সংরক্ষক! জিম কর্বেটের ভূমিকায় পর্দায় আসছেন অক্ষয় কুমার, পরিচালনায় কোন বড় চমক?

‘হেরাফেরি’, ‘গরম মসালা’ কিংবা ‘ভুল ভুলাইয়া’-র মতো কালজয়ী সব হাসির ছবি উপহার দেওয়ার পর দীর্ঘ এক যুগ পেরিয়ে ফের একসঙ্গে জুটি বাঁধছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবং জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। তবে এবারের প্রজেক্টটি গতানুগতিক কোনো কমেডি ছবি নয়; বরং বন্যপ্রাণী সংরক্ষণের এক গভীর ও রোমাঞ্চকর বার্তা নিয়ে আসছে তাঁদের এই নবম ছবি। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই চলচ্চিত্রে অক্ষয়ের চরিত্রটি অনুপ্রাণিত হয়েছে কিংবদন্তি শিকারি ও প্রকৃতিবিদ জিম কর্বেটের জীবন থেকে!

ছবির পটভূমি ও প্লট: ১৯৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে তৈরি হতে চলা এই ছবির গল্প আবর্তিত হবে এক দক্ষ শিকারি ও ট্র্যাকারের জীবনকে কেন্দ্র করে। গ্রামের মানুষের প্রাণ বাঁচাতে যিনি শুরুতে নরখাদক বাঘ ও চিতা শিকারে নামেন, পরবর্তীতে জঙ্গল ও বন্যপ্রাণীর ওপর অবৈধ শিকার ও নির্বিচারে গাছ কাটার ধ্বংসাত্মক প্রভাব চাক্ষুষ করে তাঁর জীবন ও লক্ষ্য সম্পূর্ণ বদলে যায়। শিকারি থেকে তিনি হয়ে ওঠেন বন্যপ্রাণী সংরক্ষণের এক সোচ্চার প্রবক্তা। থ্রিলার ও সাসপেন্সে ভরপুর এই ছবিতে প্রিয়দর্শনের চিরচেনা হালকা চালের বিনোদনও বজায় থাকবে।

শুটিং ও মুক্তি সংক্রান্ত আপডেট: চলতি বছরের অক্টোবর মাসেই সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ও প্রি-প্রোডাকশন পর্ব শুরু হতে চলেছে। আর ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে মূল ক্যামেরা অন। রাজস্থান ও গুজরাটের গভীর জঙ্গলে রিকি করার পর একটি নির্দিষ্ট জঙ্গলকে কেন্দ্র করেই একটানা এই ছবির শুটিং চলবে বলে জানা গেছে। ছবিতে অক্ষয়ের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, সে বিষয়ে এখনও নির্মাতারা মুখ না খুললেও খুব শীঘ্রই বড় ঘোষণার অপেক্ষা রয়েছে। উল্লেখ্য, অক্ষয়-প্রিয়দর্শন জুটির আপকামিং ডার্ক থ্রিলার ঘরানার ছবি ‘হেওয়ান’ আগামী ১১ই সেপ্টেম্বর, ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মাঝেই তাঁদের এই নতুন জঙ্গলভিত্তিক ছবি বলিপাড়ায় যে বড়সড় ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *