বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! মেধাবী ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হল কোটি কোটি টাকা, এক ক্লিকেই উপহার ল্যাপটপ

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বড় পদক্ষেপ করল সরকার। কুশভাউ ঠাকরে আন্তর্জাতিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মেধাবী ছাত্রছাত্রী প্রণোদনা প্রকল্প’-এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পাশাপাশি তাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদিন মুখ্যমন্ত্রী রিমোটের বোতাম টিপে রাজ্যের ১ লক্ষ ২১ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩০৪ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করেন। প্রতিটি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ল্যাপটপ কেনার জন্য ২৫,০০০ টাকা করে জমা করা হয়েছে। মঞ্চে উপস্থিত ১০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সরাসরি ল্যাপটপ তুলে দেন মুখ্যমন্ত্রী। শুধু আর্থিক সাহায্য প্রদানই নয়, এদিন পড়ুয়াদের সঙ্গে একেবারে খোলামেলা মেজাজে মতবিনিময় করতে দেখা যায় তাঁকে।
মঞ্চে পড়ুয়াদের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে এক ছাত্র বীরেন্দ্র সিং বুন্দেলা জানায় সে বড় হয়ে রাজনীতিবিদ হতে চায়। কারণ হিসেবে সে জানায়, মানুষের সমস্যা দূর করতেই সে রাজনীতিতে আসতে আগ্রহী। ছাত্রের এই জবাবে মুখ্যমন্ত্রী সাধুবাদ জানিয়ে বলেন, শিশুদের রাজনীতিতে এগিয়ে এসে দেশ গঠনে বড় ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি, কৃষি ও কৃষকদের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইলেও কৃষিকাজ ছাড়া আমাদের বাঁচা অসম্ভব। এছাড়া হিমাংশী পাঠক নামে এক ছাত্রী উদ্যোক্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের চাকরিপ্রার্থী না হয়ে চাকরি সৃষ্টিকারী হতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে মুখ্যমন্ত্রী জানান, জীবনে ব্যর্থতা আসলেও তা কখনো মনে স্থান দেওয়া উচিত নয়। অতীতে ভুল থেকে শিক্ষা নিয়ে স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। গত আড়াই বছরে প্রায় ২.৭৫ লক্ষ ছাত্রছাত্রীকে ল্যাপটপের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, ২০২৮ সালের মধ্যে রাজ্যে মোট ৫৫টি মেডিকেল কলেজ এবং ১০,০০০-এর বেশি এমবিবিএস আসন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব।