“দ্বিচারিতা বরদাস্ত নয়!”-শাহবাজের সামনেই সন্ত্রাস নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও ধরনের দ্বিচারিতা বরদাস্ত করা হবে না—কিরঘিজ়স্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) ২৬তম শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের উপস্থিতিতেই এই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার আয়োজিত এই সম্মেলনে সন্ত্রাসবাদের অর্থের জোগান, জঙ্গি নিয়োগ, মৌলবাদী প্রচার এবং নিরাপদ আশ্রয়—সম্পূর্ণ পরিকাঠামো ধ্বংস করার জোরালো আহ্বান জানান তিনি।
বৈঠকে নাম না করে যে দেশগুলি সন্ত্রাসবাদকে মদত দেয় বা রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের তীব্র সমালোচনা করেন মোদী। তিনি স্পষ্ট জানান, সন্ত্রাসবাদ কোনও দেশের জন্যই কৌশলগত সম্পদ হতে পারে না। এ ক্ষেত্রে সমস্ত দেশকে এক সুরে কথা বলার এবং সন্ত্রাসের গোটা বাস্তুতন্ত্রকে শিকড় সমেত উচ্ছেদ করার তাগিদ দেন তিনি।
সন্ত্রাসবাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধ ও সংঘাত নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা, রণক্ষেত্র বা যুদ্ধের ময়দানে কোনও সমস্যার স্থায়ী সমাধান হয় না; সংঘাতের অবসানে একমাত্র পথ আলোচনা ও কূটনীতি। পশ্চিম এশিয়ার অশান্তির প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে, আজকের দিনে আঞ্চলিক সংঘাত আর গণ্ডীর মধ্যে সীমিত থাকে না, বরং তার প্রভাব সরাসরি জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ে।
নিরাপত্তার পাশাপাশি এসসিও ভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপরও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। তবে সেই যোগাযোগ পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর শর্ত দেন তিনি। একই সঙ্গে মাদক পাচারকে তরুণ প্রজন্ম ও আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার ওপরও গুরুত্ব আরোপ করেন মোদী।